রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদিপুকুরে জমি দখল কেন্দ্র করে গতকাল শনিবার স্থানীয় একটি খ্রিষ্টান মিশনারি ও বিদ্যালয়ের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১২ জন আহত হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার নারীপুকুর ইউনিয়নের বলদিপুকুর এলাকায় পাশাপাশি অবস্থিত সেন্ট মেরিজ খ্রিষ্টান মিশনারি ও স্থানীয় শাহ আবদুল কাশেম দ্বিমুখী উচ্চবিদ্যালয়। দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি ফাঁকা জায়গা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। গতকাল বেলা ১১টার দিকে মিশনারির লোকজন তাদের জায়গা চিহ্নিত করে সীমানা-প্রাচীর তৈরি করতে গেলে বিদ্যালয়ের পক্ষের লোকজন বাধা দেয়। এ সময় উভয়পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন। আহত ব্যক্তিরা হলেন মনিস, সিলবানস, রোজারিন, সুবাস, বিপিন, সরলা, ওয়াহেদ, মাহবুবুল, আজিজুল, আয়নাল, জাহাঙ্গীর ও লুত্ফর।