মিশনে কর্মরতদের বেতনের ১০ শতাংশ না কাটার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের বেতনের ১০ ভাগ কেটে না নেওয়ার সুপারিশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।

আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠক শেষে কমিটির সদস্য হোসনে আরা বেগম সাংবাদিকদের বলেন, গত বছর সংসদীয় কমিটি কঙ্গো ও আইভরিকোস্ট সফরে গেলে সেখানে কর্মরত বাংলাদেশের বাহিনীর সদস্যরা এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান। এর পরিপ্রেক্ষিতে কমিটি এই সুপারিশ করেছে। তাঁরা সেখানে অনেক ঝুঁকি নিয়ে কাজ করেন। এ কারণে তাঁদের বেতন থেকে ১০ ভাগ কেটে না নেওয়ার সুপারিশ করা হয়েছে।

জাতিসংঘের ওয়েবসাইট থেকে জানা যায়, গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত জাতিসংঘ মিশনে মোট এক লাখ ২৫ হাজার ৯৭ জন শান্তিরক্ষী কাজ করছেন। তাঁদের মধ্যে বাংলাদেশের আট হাজার ৪৯৬ জন, যার মধ্যে সশস্ত্র বাহিনীর সাত হাজার ২৫৫, পুলিশের এক হাজার ১৭২ জন এবং ৬৯ জন সামরিক বিশেষজ্ঞ রয়েছেন।

কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, মাহমুদ উস সামাদ চৌধুরী ও হোসনে আরা বেগম অংশ নেন। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব কাজী হাবিবুল আউয়াল, সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ প্রমুখ।