
সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের দুই বছর মেয়াদি কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়েছে। মিশফাক আহমদকে সভাপতি ও রজতকান্তি গুপ্তকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষিত হয়। গতকাল মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঘোষিত তফসিল অনুযায়ী গতকাল ভোট গ্রহণের কথা ছিল। কিন্তু কার্যকরী কমিটির নয়টি পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁরা নির্বাচিত হন। সংগঠনের প্রধান পরিচালক অরিন্দম দত্ত নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক কনোজ চক্রবর্তী ও চম্পক সরকার।
কমিটিতে সহসভাপতি পদে আফজাল হোসেন, যুগ্ম সম্পাদক হিসেবে সুপ্রিয় দেব, কোষাধ্যক্ষ পদে ইন্দ্রানী সেন, প্রচার ও দপ্তর সম্পাদক পদে ইসমাইল হোসেন তফাদার এবং নির্বাহী সদস্য পদে শান্তুনু সেন, অচিন্ত অমিত ও তন্ময় নাথ নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত প্রথম আলোকে জানান, ১৯৮৪ সালের ২০ সেপ্টেম্বর সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে সিলেটের ২১টি নাট্য সংগঠন সম্মিলিত নাট্য পরিষদের অন্তর্ভুক্ত রয়েছে। বরাবরের মতো নবনির্বাচিত কমিটি আগামী দুই বছরও প্রগতি এবং মুক্তবাদী চিন্তা-চেতনায় নাট্যাঙ্গনকে গতিশীল রাখতে কাজ করে যাবে।