মিশা সওদাগরের গাড়ি থেকে টাকা ও হাতঘড়ি চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক একটি চলচ্চিত্রের শুটিং করতে এসে টাকা ও একটি দামি হাতঘড়ি খুইয়েছেন অভিনেতা মিশা সওদাগর। গতকাল শনিবার দুপুরে শহরের বঙ্গবন্ধু সড়কে জীবন বীমা ভবনের সামনে রাখা মিশার গাড়ির লক ভেঙে এসব মালামাল নিয়ে যায় চোরের দল।
চলচ্চিত্রটির সহকারী পরিচালক শাহজাহান শামীম বলেন, গতকাল মিশা সওদাগরের শুটিং ছিল। দুপুরে তিনি গাড়িতে করে নারায়ণগঞ্জে আসেন। দুপুর দুইটার দিকে গাড়ির চালক সেলিম নামাজ পড়তে পাশের মসজিদে যান। ফিরে এসে দেখেন গাড়ির দরজার লক ভাঙা। গাড়ির ভেতর থেকে ১৬ হাজার টাকা ও রাডো ব্র্যান্ডের একটি হাতঘড়ি নিয়ে গেছে চোরেরা। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বলেন, ‘এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি।’