মিশুক, অটোরিকশা টেম্পোকে চাপা দিয়ে বাস খাদে, নিহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী এলাকায় হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কসংলগ্ন খাদে পড়ে যায়। এর আগে বাসটি একটি চায়ের দোকান, পাঁচটি মিশুক, একটি টেম্পো ও পাঁচটি অটোরিকশাকে চাপা দিলে ১০ জন নিহত হন। আহত হয়েছেন আরও ৩০ জন।
গতকাল শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে উজিরপুর উপজেলার এম এ জলিল সেতুসংলগ্ন টোলপ্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে নয়জনের নাম জানা গেছে। তাঁদের মধ্যে আটজন উজিরপুরের বিভিন্ন গ্রামের বাসিন্দা এবং একজনের বাড়ি বাবুগঞ্জের রাকুদিয়া গ্রামে। নিহত ব্যক্তিরা হলেন উজিরপুরের মীর শরীফ (৩০), ইচলাদীর মামুন আকন (২০) ও আবদুল হাকিম (৬৫), পূর্বমণ্ডুপাশার জুয়েল (২৫), আসোয়ার মুন্নি বেগম (২৮), ধামুরার জাহাঙ্গীর হোসেন (৩৪), বরাকোঠার মোজাম্মেল মৃধা (৪৫) গুঠিয়ার সোহাগ ফকির (২৮) এবং বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের ইউনুস হাওলাদার (৪৫)।
আহত বাসযাত্রী হাবিবুর রহমান জানান, ইচলাদী টোল প্লাজা থেকে তিন কিলোমিটার দূরে জয়শ্রী এলাকায় বাসটি ব্রেক ফেল করে। এ সময় বাসের চালক যাত্রীদের সতর্ক করে দেন। এরপর বাসটি বেপরোয়া গতিতে চলতে থাকে। ইচলাদী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি চা-দোকান, একাধিক মিশুক, অটোরিকশা ও রিকশাকে চাপা দেয়। একই ধরনের কথা জানান আহত বাসযাত্রী সুরাইয়া বেগম ও বাদল মিয়া।
প্রত্যক্ষদর্শী শাহ আলম খান জানান, নিয়ন্ত্রণহীন বাসটি দোকান, মিশুক ও পথচারীদের চাপা দিতে দিতে মেজর এম এ জলিল সেতুর টোলপ্লাজা-সংলগ্ন সড়কের পাশে খাদে পড়ে যায়।
উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা এ কে এম সামসুদ্দিন আহম্মেদ বলেন, ‘আহত তিনজন স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছেন। আগে মারা যাওয়া আরও পাঁচজনের মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে।’
এ ছাড়া বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে দুজন।
হানিফ পরিবহনের বরিশাল কাউন্টারের ব্যবস্থাপক মো. রানা বলেন, ‘বাসটি সকাল ১০টায় ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসে। বাসের চালক ছিলেন বেল্লাল।’ তবে বাসের চালক ও অন্য কর্মচারীদের মুঠোফোন বন্ধ থাকায় কতজন যাত্রী ছিল, তা তিনি জানাতে পারেননি।
বরিশালের পুলিশ সুপার এহসান উল্লাহ ঘটনাস্থলে বসে রাত নয়টার দিকে জানান, বাস দুর্ঘটনায় নয়জনের মৃত্যুসংবাদ নিশ্চিত হওয়া গেছে। তবে তাঁরা সবাই স্থানীয় অটোরিকশাচালক ও পথচারী। বাসযাত্রীরা আহত হলেও কেউ মারা গেছেন—এমন কোনো খবর পাওয়া যায়নি।
সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সুদীপ্ত সরকার এবং উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনার পর রাত পৌনে নয়টা পর্যন্ত মহাসড়কে যানবহন চলাচল বন্ধ ছিল। পরে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে এর চালক পলাতক রয়েছেন।
জেলা প্রশাসক শহীদুল আলম বলেন, তাৎক্ষণিকভাবে নিহত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা এবং হাসপাতালে ভর্তি আহত ২০ জনকে চিকিৎসার জন্য পাঁচ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।