মিশুক-তারেক স্মরণসভায় শোক পরিণত হয় ক্ষোভে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাইরে তখন রৌদ্রোজ্জ্বল আকাশ। তা সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে নেমেছিল গাঢ় অন্ধকার। সড়ক দুর্ঘটনায় নিহত এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনীর ও বরেণ্য চলচ্চিত্রকার তারেক মাসুদের স্মরণসভায় সবাই ছিলেন শোকে বিহ্বল। একপর্যায়ে শোক পরিণত হয় ক্ষোভে। নিরাপদ সড়কের দাবিতে ডাক দেওয়া হয় প্রতিবাদের।ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ গতকাল বৃহস্পতিবার এ স্মরণসভার আয়োজন করে। বিভাগের চেয়ারপারসন গীতি আরা নাসরীনের সভাপতিত্বে মিশুক মুনীরের স্ত্রী মঞ্জুলী কাজী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের দেশে বিনা পরীক্ষায় চালকের লাইসেন্স দিয়ে মানুষ মারা হচ্ছে। তার চেয়ে একসঙ্গে সবাইকে নিয়ে বোমা মেরে দিন। জনসংখ্যা কমে যাবে।’ ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের উদ্দেশে মঞ্জুলী কাজী বলেন, ‘আপনারা দলমত-নির্বিশেষে নিরাপদ সড়কের জন্য আন্দোলনে নামুন।’পরিবহনব্যবস্থায় চরম অব্যবস্থাপনা ও নৈরাজ্যের দায় স্বীকার করে যোগাযোগ ও নৌপরিবহনমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয় সভা থেকে। এ ছাড়া কোনো ধরনের পরীক্ষা ছাড়াই ড্রাইভিং লাইসেন্স দেওয়ার বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান আলোচকেরা। অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, ‘অনবরত সান্ত্বনাহীন মৃত্যুতেও আমাদের চৈতন্যবোধ হয় না। যদি সড়কব্যবস্থা ভালো হতো, মৃত্যুর হার কমানো যেত।’ অভিনয়শিল্পী রোকেয়া প্রাচী বলেন, ‘২৪ হাজার ঘাতক আসছে। আসুন, আমরা এর প্রতিবাদ করি, সংগঠিত হই।’চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, ‘সবার আগে দরকার গাড়িচালকের শিক্ষা। স্কুলের পাঠ্যপুস্তকে নিরাপদ সড়কের বিষয়ে তথ্য অন্তর্ভুক্ত করতে হবে। শুধু চালক নয়, দায়ী সবাইকেই আইনের আওতায় আনতে হবে। সুবিচার নিশ্চিত হলে মানুষ সচেতন হবে।’শিল্পী মাহমুদুজ্জামান বাবু ক্ষোভের সঙ্গে বলেন, ‘এ দেশে মানুষের দাম সবচেয়ে কম। এই দুজনের প্রস্থান বা খুন আমি মানি না।’প্রয়াত মিশুক মুনীরকে নিয়ে স্মৃতিচারণা করতে গিয়ে সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গোলাম রহমান বলেন, ‘তিনি ছিলেন আদ্যোপান্ত আধুনিক মানুষ, ছিলেন প্রচারবিমুখ। তাঁকে আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে পারিনি।’অনুষ্ঠানে তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ পরিচালিত নরসুন্দর চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়। এ ছবির প্রধান চিত্রগ্রাহক ছিলেন মিশুক মুনীর।