পোশাকশ্রমিক নেতা মোশরেফা মিশুকে গতকাল রোববার আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে তাঁকে আদালতে হাজির করে খিলক্ষেত থানার একটি মামলায় রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। মহানগর হাকিম মুন্সি আবদুল মজিদ দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।এ দিকে প্রথম দফা রিমান্ড শেষে গতকাল আদালতে হাজির করা হলে মিশু অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পারিবারের অভিযোগ, রিমান্ডে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁর শ্বাসকষ্ট ও কোমরে ব্যথা দেখা দিয়েছে।মিশুর বোন জেবুন্নেসা প্রথম আলোকে বলেন, মিশু ডিবি হেফাজতে থাকার সময়ই অসুস্থ ছিলেন। গতকাল আদালতে নেওয়ার পর আরও অসুস্থ হয়ে পড়লে তাঁকে আদালতের অদূরে সদরঘাটের ন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ন্যাশনাল হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে মিশুকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) স্থানান্তর করা হয়। জেবুন্নেসা অভিযোগ করেন, বিএসএমএমইউ কর্তৃপক্ষ মিশুকে সেখানে রাখতে চাচ্ছে না।রাত নয়টার দিকে মিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাঁকে ১৯ নম্বর ওয়ার্ডে পুলিশ পাহারায় ভর্তি করা হয়েছে। তাঁর শ্বাসকষ্ট বেড়েছে, তাই তাঁকে অক্সিজেন দেওয়া হচ্ছে। এ ছাড়া তাঁর কোমরে ব্যথা রয়েছে বলে চিকিৎসকেরা জানান।১২ ডিসেম্বর রাজধানীর কুড়িল এলাকায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় পরের দিন রাতে হাতিরপুলের বাসা থেকে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশুকে গ্রেপ্তার করে পুলিশ।