মিশুকের মেয়াদ বাড়ানোর দাবিতে বিআরটিএ ঘেরাও ৪ জানুয়ারি
রাজধানীতে মিশুক নামের তিন চাকার অটোরিকশা চলাচলের মেয়াদ বাড়ানোর দাবিতে সমাবেশ করেছে ঢাকা মহানগর মিশুক মালিক সমিতি এবং ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা ও মিশুক শ্রমিক ইউনিয়ন। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তারা বলেন, এটলাসের তৈরি জাপানি ইঞ্জিনের মিশুক গাড়ির মেয়াদ বাড়ানো হলে ৫০ হাজার পরিবারের দুই লাখের বেশি সদস্যের অন্ন, বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা হবে। সমাবেশ থেকে পাঁচ দফা দাবি আদায়ে আগামী ৪ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় মিরপুরের বিআরটিএ কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়।সমাবেশে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু প্রমুখ বক্তব্য দেন।