মিশুর জামিন আবেদন নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাফরুল থানার দুটি মামলায় পোশাকশ্রমিক নেত্রী ও গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশুর জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। গতকাল সোমবার মহানগর হাকিম এ ই এম ইসমাইল হোসেন তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করেন। রাজধানীর কুড়িল এলাকায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় ১৩ ডিসেম্বর মিশুকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিনই তাঁকে গত জুনে ও ডিসেম্বরে তৈরি পোশাক শ্রমিকদের উসকানি, ভাঙচুর এবং পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় কাফরুল থানার দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।গতকাল মিশুর আইনজীবীরা এ দুটি মামলায় জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। আদালত উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে দেন। আদালত সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর মিশুকে কাফরুল থানার মামলা দুটিতে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আদালত একটি মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর খিলগাঁও থানার একটি মামলায় মিশুকে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। এই মামলায়ও দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়। মিশুর বোন জেবুন্নেছা প্রথম আলোকে বলেন, মিশু ১৯ ডিসেম্বর আদালতে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শ্বাসকষ্টজনিত সমস্যা বেড়েছে। মিশুর মুক্তি চেয়েছেন নির্মল সেন: আমাদের গোপালগঞ্জ প্রতিনিধি জানান, প্রবীণ সাংবাদিক ও গণতন্ত্রী বিপ্লবী পার্টির সভাপতি নির্মল সেন গতকাল এক সংবাদ সম্মেলনে মোশরেফা মিশুর মুক্তির দাবি জানিয়েছেন। অসুস্থ নির্মল সেন এখন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নিজ গ্রাম দীঘির পাড়ের বাড়িতে বাস করছেন। গতকাল গ্রামের বাড়িতে সংবাদ সম্মেলন করেন তিনি। মিশুকে গার্মেন্টস মালিকদের চক্রান্তে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে মন্তব্য করেন নির্মল সেন। তিনি এর তীব্র নিন্দা জানান। নির্মল সেন বলেন, ‘পুলিশ দাবি করছে জামায়াতের সঙ্গে মিশুর যোগাযোগ রয়েছে। এটা বানোয়াট, আমি পুলিশের এই প্রচারণার তীব্রভাবে বিরোধিতা করছি। মিশু আমাদের পার্টির সাধারণ সম্পাদক। আমরা সারা জীবন জামায়াতের বিরোধিতা করেছি।’