মিশ্র প্রতিক্রিয়া ওয়ার্কার্স পার্টি ও সিপিবির
আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় সর্বদলীয় মন্ত্রিসভা গঠনের বিষয়ে প্রধানমন্ত্রীর দেওয়া প্রস্তাব নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বামপন্থী দুটি দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
আর সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশ গতকাল শুক্রবার কোনো প্রতিক্রিয়া দেয়নি। দলটির একটি সূত্র জানায়, কাল রোববার তাদের বর্ধিত সভা হবে। ওই সভার পর প্রধানমন্ত্রীর ভাষণের ব্যাপারে দলীয় সিদ্ধান্ত জানানো হবে।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন প্রথম আলোকে বলেছেন, তাঁদের পার্টির পক্ষ থেকে আগেই নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের বিষয়টি স্পষ্ট করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানানো হয়েছিল। তিনি গতকালের ভাষণের মাধ্যমে তা করেছেন। তিনি বলেন, তাঁর দল মনে করে, প্রধানমন্ত্রীর এ প্রস্তাবের মাধ্যমে নির্বাচনকালীন সরকারপদ্ধতি সম্পর্কে বিরোধী দলের অসাংবিধানিক দাবি-দাওয়ার অবসান হবে।
সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের কথা প্রধানমন্ত্রী এর আগেও বলেছেন। তাই তাঁর গতকালের ভাষণের মাধ্যমে সবার অংশগ্রহণে নির্বাচন হওয়ার নিশ্চয়তা সৃষ্টি হয়েছে, এমনটা ভাবার কোনো কারণ নেই।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, রাজনৈতিক অঙ্গনের প্রধান বিষয়গুলো হচ্ছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, সংসদ ভেঙে দেওয়া, অন্তর্বর্তী সরকার হলে তাঁর প্রধান কে হবেন প্রভৃতি। প্রধানমন্ত্রী ভাষণে এসব বিষয়ের অবসান হয়নি। তা ছাড়া প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের জন্য বিএনপির সাংসদদের নাম দিতে বলেছেন। এখানে প্রশ্ন থাকে, সংসদে প্রতিনিধিত্বকারী দল হিসেবে জামায়াতকেও সেই সরকারে নেওয়া হবে কি না। এ ছাড়া নির্বাচন তো শুধু সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর ব্যাপার নয়, এটা জাতীয় বিষয়। তাই এসব বিষয় নিয়ে সব দলের সঙ্গে আলোচনা করা উচিত বলে মনে করেন তিনি।