মিশ্র প্রতিক্রিয়া ব্যবসায়ীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে চট্টগ্রামের ব্যবসায়ী সংগঠনগুলো। বাজেটকে উন্নয়ন সহায়ক বা গণ-উন্নয়নমুখী বাজেট হিসেবে অভিহিত করলেও ভ্যাট হার কমানোর পক্ষে বলেছে তারা।

চট্টগ্রাম চেম্বার

প্রস্তাবিত বাজেটকে উন্নয়ন সহায়ক বাজেট হিসেবে অভিহিত করেছে চট্টগ্রাম চেম্বার। চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বাজেট প্রতিক্রিয়ায় বলেন, উন্নয়ন সহায়ক বাজেট হলেও ভ্যাট হার কমানো না হলে ভ্যাট আইন বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। ব্যবসায়ীদের দাবির পরও ১৫ শতাংশ ভ্যাট হার অপরিবর্তিত রাখা হয়েছে। এটি ১০ থেকে ১২ শতাংশে নামিয়ে আনা উচিত। ভ্যাট আদায় নিশ্চিতের জন্য ‘ইলেক্ট্রনিক ক্যাশ রেজিস্টার’ বা ইসিআর ব্যবহারের জন্য বলা হলেও এক্ষেত্রে এখনো যথাযথ অবকাঠামো সুবিধা নিশ্চিত করা হয়নি।

বাজেটে লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণসহ কয়েকটি বড় প্রকল্পে বরাদ্দ দেওয়ায় চট্টগ্রামের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল হবে বলে মনে করেন চেম্বার সভাপতি।

মেট্টোপলিটন চেম্বার

চট্টগ্রাম মেট্টোপলিটন চেম্বার প্রস্তাবিত বাজেটকে গণ-উন্নয়নমুখী বাজেট হিসেবে অভিহিত করেছে। চেম্বারের সভাপতি খলিলুর রহমান তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ভ্যাট অব্যাহতির তালিকায় আরও কিছুসংখ্যক অত্যাবশ্যকীয় পণ্য যুক্ত করা উচিত। বাজেট প্রস্তাবনা অনুযায়ী বার্ষিক উন্নয়ন কর্মসূচি শতভাগ বাস্তবায়ন করা গেলে দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা গড়ে উঠবে। এতে প্রচুর বৈদেশিক বিনিয়োগ, শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে।

জুনিয়র চেম্বার

প্রস্তাবিত বাজেট সম্পর্কে জুনিয়র চেম্বারের সভাপতি গিয়াস উদ্দিন বলেন, এ বাজেট শিল্পবান্ধব ও শিক্ষাবান্ধব। এটি বাস্তবায়ন করা গেলে ভিশন-২০২১ বাস্তবায়নে বাংলাদেশ আরো এক ধাপ এগিয়ে যাবে। ভ্যাট আইনে ওষুধ, শিক্ষা, চিকিৎসাসহ বিভিন্ন পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি দেওয়ার বিষয়টি ইতিবাচক। তবে বাজেটে তরুণ উদ্যোক্তাদের জন্য বিশেষ বরাদ্দ রাখা প্রয়োজন ছিল বলে মনে করেন তিনি।