মিশ্র ফসল চাষে ভাগ্য পরিবর্তন
পেশায় তিনি শিক্ষক। পৈতৃকসূত্রে কিছু জমি পেয়েছেন। সেখানে ধান চাষ করেই কোনোমতে চালাতেন সংসার। কিন্তু ছয় বছর আগে ওই জমিতেই মিশ্র চাষ পদ্ধতি ব্যবহার করে আর্থিক সচ্ছলতা ফিরে পেয়েছেন আবদুস সালাম (৫০) নামের ওই শিক্ষক।
বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের বড়ফুলবাড়ী গ্রামের আবদুস সালাম ইউনিয়নের ফুলবাড়ী হামিদিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।
সরেজমিনে উপজেলার বড়ফুলবাড়ী গ্রামে মিশ্র ফসল চাষের খেতেই দেখা মেলে আবদুস সালামের সঙ্গে। আবদুস সালাম জানান, পৈতৃকসূত্রে তিনি আট বিঘা জমি পেয়েছেন। ওই জমিতে একসময় তিনি শুধু ধান চাষ করতেন, কিন্তু সংসারের খরচ ও ছেলেমেয়েদের লেখাপড়া চালানো কষ্টকর হয়ে পড়ে। ২০০৭ সালে প্রথমে আট বিঘার মধ্যে ২২ শতাংশ জমিতে তিনি আপেল কুল, কলা, পেঁপে ও লেবু চাষ করেন। এই চাষে প্রথম বছরেই তিনি প্রায় দুই লাখ টাকা আয় করেন। এর পরের বছর তিনি উপজেলা কৃষি দপ্তরের শরণাপন্ন হন। তখন কৃষি কর্মকর্তারা তাঁকে মিশ্র চাষে আরও প্রশিক্ষণ ও উৎসাহ দেন। এরপর তিনি মিশ্র চাষের আওতা আরও বৃদ্ধি করেন। ২২ শতাংশের আরও একটি জমিকে এই চাষের আওতায় আনেন। সেখানে তিনি সুপারি, আম্রপালি, আমড়া, বিট আলু, গাছ আলু ও ওলকচু চাষ শুরু করেন। সেই বছর প্রায় তিন লাখ টাকা আয় করেন। এভাবে ক্রমেই তাঁর সাফল্য বাড়তে থাকে। সর্বশেষ এ বছর ওই জমির ফসলের সঙ্গে আদাও চাষ করেছেন। তিনি জানান, এবার শুধু আদা থেকেই তাঁর আয় হবে প্রায় দেড় লাখ টাকা।
স্থানীয়ভাবে এটি ‘সাথি ফসল’ হিসেবে পরিচিত। এখন প্রতিবছর তিনি চাষের এই ৪৪ শতাংশ জমি থেকেই আয় করছেন প্রায় চার লাখ টাকা। জমির বাকি অংশে ধান চাষ করছেন।
ছয় বছরের আয়ে ২০ লাখ টাকা মূল্যের আট বিঘা জমি কিনেছেন তিনি। সেখানে ছয় শতক জায়গার ওপর একতলা পাকা বাড়ি বানিয়েছেন। দুই ছেলে ও এক মেয়ের লেখাপড়ার খরচ জোগান দিচ্ছেন।
উপজেলা কৃষি দপ্তরের তথ্যমতে, উপজেলার প্রায় ২০০ কৃষকের প্রায় এক হাজার বিঘার ফসলি জমি এ ধরনের চাষের আওতায় আছে। তাঁদের মধ্যে আবদুস সালাম একজন সফল মিশ্র চাষি। তিনি ২০০৮ সালে উপজেলা পর্যায়ে এবং ২০১২ সালে জেলা পর্যায়ে সেরা সফল মিশ্র ফসল চাষির পুরস্কার পান।
উপজেলা কৃষি কর্মকর্তা আবদুর রহিম বলেন, কৃষকেরা এই মিশ্র চাষে এগিয়ে এলে তাঁরা সারা বছরই জমি থেকে আয় পাবেন। আবদুস সালামকে অনুকরণ করে চলতি বছরে বড়ফুলবাড়ী গ্রামের কৃষক ওসমান গণি, মো. আসাদুজ্জামান, মছের আলী ও আবদুল আলিম মিশ্র চাষে এগিয়ে এসেছেন।