মিশ্র সরকারব্যবস্থার প্রস্তাব দেবে বিএনএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে মিশ্র পদ্ধতির সরকারব্যবস্থার প্রস্তাব দেবে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)।

আজ শুক্রবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনএফের প্রধান সমন্বয়কারী এস এম আবুল কালাম আজাদ এ কথা জানান।

ঢাকা-১৭ আসন থেকে নবনির্বাচিত সাংসদ আবুল কালাম আজাদ বলেন, এখন দরকার একটি স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থা। এ লক্ষ্যে জাতীয় সংসদে মিশ্র পদ্ধতির সরকারব্যবস্থার প্রস্তাব দেওয়া হবে। একই সঙ্গে সরকার বহুদলীয় সরকার গঠন করতে চাইলে এতে সহযোগিতা করবে বিএনএফ। এমনকি সরকারে যোগ দিতেও আপত্তি নেই বিএনএফের।

আবুল কালাম আজাদ বলেন, সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম ও ধর্মনিরপেক্ষতা একসঙ্গে রয়েছে। এ দুটি বিষয় পরস্পরবিরোধী হওয়ায় একসঙ্গে চলতে পারে না। সংসদে গিয়ে সংবিধানের সব ধরনের অসংগতি নিরসনে কাজ করবেন বলেও জানান তিনি।

দেশে স্থিতিশীল গণতন্ত্রের জন্য নির্বাচনের দরকার ছিল। সুুষ্ঠুভাবে দশম জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে বলেও মনে করেন বিএনএফের এই নেতা।

বিভিন্ন স্থানে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ বলেন, এটা কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নয়, এটা রাজনৈতিক দাঙ্গা। রাজনৈতিকভাবে এটা সমাধান করতে হবে। ২৪ জানুয়ারি বিএনএফের কাউন্সিল অনুষ্ঠিত হবে বলেও সংবাদ সম্মেলনে জানান আবুল কালাম আজাদ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনএফের যুগ্ম সমন্বয়কারী মেহজাবিন ওয়াহেদ, কোষাধ্যক্ষ মোহাম্মাদ আলী, শফিউল্লাহ চৌধুরী, রফিকুল ইসলাম, খলিল খান, খালিদ হোসেন, জহিরুল হক ভূঁইয়া প্রমুখ।