মিষ্টি আঙুরের বাগান দেখতে ভিড় লেগেই আছে
জেলার শখের খামারি প্রকৌশলী রুহুল ইসলামের মিষ্টি আঙুরের বাগান এলাকার মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। দেখার জন্য এসে বাগান থেকে টাটকা আঙুর কিনছেন অনেকেই। প্রতিদিনই দর্শনার্থীদের ভিড় লেগে থাকছে।রুহুল ইসলামের আঙুরের সফল চাষ নিয়ে একটি সচিত্র প্রতিবেদন গত ২৮ মে প্রথম আলোয় প্রকাশিত হলে তা বেশ সাড়া ফেলে।জয়পুরহাটের জামালগঞ্জের পুরোনো বাজারে ছয় বিঘা জমিতে আঙুরের বাগান করেছেন প্রকৌশলী রুহুল ইসলাম। সুদূর অস্ট্রেলিয়া থেকে আঙুরের চারা এনে ২০০৯ সালের অক্টোবর মাসে এক হাজার ২০০ গাছ লাগিয়েছিলেন তিনি। এর মধ্যে ৫০০ গাছে এ বছর আঙুর ধরে পাকতে শুরু করেছে। এগুলো আমদানি করা আঙুরের মতোই মিষ্টি হওয়ায় তা ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ এ আঙুরের বাগান দেখতে আসছেন। বাগান থেকে অনেকেই দু-চার কেজি করে কিনছেনও।তত্ত্বাবধায়ক জিল্লুর রহমান জানান, প্রতিদিন ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাসে করে বিভিন্ন জেলার মানুষ বাগান দেখতে আসছেন। গত শুক্রবারই প্রায় ১৫০ জন এসেছিলেন। জিল্লুর জানান, তাঁরা ২৬০ টাকা কেজি দরে আঙুর বিক্রি করছেন। প্রায় ৫০০ কেজি বিক্রি করেছেন। আঙুরের চারাও বিক্রি হচ্ছে।বাগান দেখতে আসা জয়পুরহাট লাইব্রেরি অ্যান্ড ক্লাবের সাধারণ সম্পাদক রাজা চৌধুরী জানান, তিনি আরও চার-পাঁচজনকে নিয়ে সেখানে যান এবং ছয় কেজি আঙুর কেনেন। জয়পুরহাটেরই একটি বাগান থেকে আঙুর কিনে খাওয়ার অনুভূতিকে তিনি ‘একেবারে নতুন ও অন্য রকম’ বলে বর্ণনা করেন।বাগানের মালিক রুহুল ইসলাম বলেন, প্রথম আলোয় খবর ছাপা হওয়ার পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ তাঁকে ফোন করে আঙুরের চাষের ব্যাপারে তথ্য জেনে নিচ্ছেন।