মিষ্টি নিয়ে তিক্ত কাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেড়াতে যাবেন বলে শহরের নামকরা এক প্রতিষ্ঠান থেকে দুই কেজি লাড্ডু কিনেছিলেন একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বাংলাদেশের কর্মকর্তা শায়লা খান। দোকানদার নিশ্চয়তা দিয়ে বলেন, খুব ভালো মিষ্টি। সরল বিশ্বাসে লাড্ডুর প্যাকেট নিয়ে তিনি চলে যান। বিপত্তি ঘটল তার পরে। লাড্ডুগুলো যাঁদের দিয়েছিলেন তাঁরা মুখে দিয়ে বললেন সেগুলো পচে গেছে। এই ঘটনায় তিনি মোহাম্মদপুর থানায় একটি জিডিও করেছেন।
ঘটনাস্থল মোহাম্মদপুর থানার রিং রোডের বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার। শায়লা খান প্রথম আলোকে বলেন, গতকাল শনিবার সকাল সোয়া ১০টার দিকে তিনি ওই দোকান থেকে দুই কেজি লাড্ডু কেনেন একটি প্রতিষ্ঠানের মেয়েদের জন্য। সেখানে ওই লাড্ডু নিয়ে যাওয়ার পর লাড্ডু মুখে দিয়ে মেয়েদের সবাই কেমন যেন অস্বস্তি বোধ করছিল। ব্যাপারটি কী, জানতে চাইলে তাদের একজন খানিকটা দ্বিধা-সংকোচ নিয়ে বলে, লাড্ডুগুলো ফ্রিজে রাখা ছিল কি না। তিনি তখন বলেন, না আজই কিনে এনেছেন। তখন ওই মেয়েরা জানায়, মিষ্টিগুলো ভালো নয়। নিজে পরখ করে দেখি ঘটনা ঠিক।
শায়লা খান বলেন, ‘লাড্ডুগুলো নিয়ে আবার বিক্রমপুর মিস্টান্ন ভান্ডারে যাই। তাঁদের কাছে আবারও জানতে চাই, মিষ্টি কি ভালো ছিল? তাঁরা এবারও বলেন ভালো। আমি তখন বলি, তাহলে আপনারা পুরো প্যাকেটের মিষ্টি খান। তাঁরা উল্টো আমার সঙ্গে তর্ক শুরু করেন। তখন দোকানে আসা আরেক ক্রেতাকে মিষ্টি খেতে অনুরোধ করি। তিনিও খেয়ে বলেন এগুলো ভালো নয়। দোকানদাররা তখন বলেন, প্রয়োজনে আপনি টাকা নিয়ে যান। কিন্তু আমি তাঁদের বলি, আপনারা এভাবে খারাপ মিষ্টি বিক্রি করছেন কেন? আমি ভোক্তা অধিকার আইনে ব্যবস্থা নেব। এরপর আমি মোহাম্মদপুর থানায় যাই। থানার ওসিও মিষ্টি খেয়ে বলেন, এগুলো ভালো নয়। এরপর আমি জিডি করি।’ বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের রিং রোড শাখায় ফোন করলে ভারপ্রাপ্ত ব্যবস্থাপক পরিচয় দিয়ে শিমুল বিশ্বাস বলেন, ‘লাড্ডুগুলো নষ্ট ছিল না। তারপরও ওই ভদ্রমহিলাকে আমরা বলেছিলাম দরকার হলে আপনি টাকা ফেরত নিয়ে যান।’