মিষ্টি নিয়ে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাখিল পরীক্ষায় পাস করার খুশিতে তিন বন্ধু মিলে বাজারে গিয়েছিল মিষ্টি কিনতে৷ সেই মিষ্টি নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু প্রাণ হারায়৷ আহত অপর বন্ধু এখন হাসপাতালের বিছানায়৷ ঘটনাটি ঘটেছে গত শনিবার বিকেলে দিনাজপুরের ঘোড়াঘাটে৷
শামিম ও সাজু ঘোড়াঘাট উপজেলার ছয়ঘট্টি দাখিল মাদ্রাসা থেকে এবার দাখিল পরীক্ষায় পাস করে। ঘোড়াঘাট হাসপাতালে চিকিৎসাধীন আহত বন্ধু নাসির বলে, উপজেলার পাটশাঁও গ্রামের নুরু মিয়ার ছেলে শামিম ও একই গ্রামের জাহিদুলের ছেলে সাজু এবার দাখিল পরীক্ষায় পাস করে৷ এই খুশিতে আত্মীয় ও বন্ধুবান্ধবদের মিষ্টি খাওয়াতে শামিম একটি মোটরসাইকেলে বন্ধু সাজু ও নাসিরকে নিয়ে রানীগঞ্জ বাজাের আসে৷ তারপর মিষ্টি কিনে বাড়ির দিকে রওনা দেয়৷
নিহতদের পারিবারিক সূত্র জানায়, বাড়ি আসার পথে বিরাহীমপুর গুচ্ছগ্রামের কাছে পৌঁছালে বগুড়া থেকে আসা একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শামীম মারা যায়। আহত সাজু ও নাসিরকে ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় সাজুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতেই সাজু মারা যায়।
স্থানীয়রা ট্রাকটিকে আটক করে ঘোড়াঘাট থানায় সোপর্দ করে বলে থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানিয়েছেন৷