মিষ্টি নয়, হাঁড়ি হাতড়ে প্রার্থীরা পেলেন তেতো প্রশ্ন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থীদের সামনে একটি মাটির হাঁড়ি ঘুরছিল। পয়লা বৈশাখের রেশ এখনো কাটেনি। তাই হাঁড়িতে মিষ্টি থাকার সম্ভাবনাই ছিল বেশি। তবে মেয়র পদপ্রার্থীরা হাঁড়ি হাতড়ে পেলেন ‘তেতো প্রশ্ন’।
আর প্রশ্নগুলো করেছে তরুণ প্রজন্ম। এই প্রজন্মের প্রতিনিধিরা মঞ্চের সামনে বসা। প্রশ্ন পাওয়ার পর উত্তর দেওয়ার জন্য একেক জন প্রার্থী হাতে মাত্র তিন মিনিট সময় পান।
আজ বুধবার রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে মেয়র পদপ্রার্থীরা মুখোমুখি হন তরুণ প্রজন্মের। আর প্রার্থী ও তরুণদের মধ্যে এ সেতুবন্ধন গড়ে দেয় ইউএনডিপি বাংলাদেশ। মোট ১২ জন প্রার্থী তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রুবায়েত ফেরদৌস।
অনুষ্ঠানে গিয়ে দেখা যায়, লম্বা টেবিলে প্রার্থীরা সবাই পাশাপাশি বসেছেন। নিজেদের মধ্যে আলাপচারিতা, ফটোসেশন সবই ঠিক ছিল। তবে কথা বলার সময় একজন আরেকজনকে খোঁচাও দিচ্ছিলেন। মত বিরোধিতাও চলছিল বিভিন্ন বিষয়ে।
একসময় হাঁড়িটি যায় তরুণদের কাছে। যে মেয়র প্রার্থীর নাম লেখা স্লিপ পায় সেই প্রার্থীকেই প্রশ্ন করার সুযোগ মেলে। তবে অনেক মেয়র পদপ্রার্থী এ পদ্ধতির সমালোচনা করেন। তাঁদের মতে প্রার্থীরা তাঁদের নির্বাচনী ইশতেহার নিয়ে বলার পর তরুণেরা সরাসরি প্রশ্ন করলে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর পাওয়ার সম্ভাবনা ছিল।
সভায় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াকিন্স বক্তব্যে ঢাকার সমস্যা সমাধান মেয়র প্রার্থীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন।
মেয়র নির্বাচিত হলে ঢাকাকে নিউইয়র্ক সিটির আদলে গড়ে তোলা, সিটি করপোরেশনে ‘ইয়ুথ স্ট্যান্ডিং কমিটি’ গঠন, স্ট্রিট লাইটের নিচে নভেল-উপন্যাস পড়ার সুযোগ করে দেওয়াসহ বিভিন্ন প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। আর প্রার্থীদের প্রায় সবাই দুর্নীতি মুক্ত ঢাকা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে নিজ নিজ নির্বাচনী প্রতীক উল্লেখ করে প্রার্থীরা ভোটও চান। ‘তারুণ্যের ভাবনায় ঢাকা, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনী সংলাপ’ শীর্ষক এ সভা থেকে দল বিবেচনা না করে তরুণেরা যাতে যোগ্য প্রার্থীকে বেছে নেন সে আহ্বানও জানান প্রার্থীরা।

‘হেভিওয়েট প্রার্থী’র তরুণদের কথা শোনার সময় নেই: উত্তরের মেয়র পদপ্রার্থী আনিসুল হক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন না। উপস্থিত প্রার্থীদের অনেকেই তাঁর নাম ধরে তাঁকে ‘হেভিওয়েট প্রার্থী’ বলে আখ্যায়িত করেন এবং উপস্থিত না থাকায় সমালোচনা করেন।
মো. আনিসুজ্জামান খোকন বলেন, ‘যাঁরা মেয়র হবেন তাঁরা আসেননি। আপনাদের কথা শোনার সময় তাঁদের নেই।’ তবে এই কথার সঙ্গে দ্বিমত পোষণ করেন কাজী মো. শহীদুল্লাহ। তিনি বলেন, ‘যাঁরা মেয়র হবে মানে কি? আমাদের মধ্যেই কেউ মেয়র হবে। এখন এক মিনিটের মূল্য অনেক। মেয়র হমু না, আর পোস্টার লাগাইলাম। এমুন বেহুদা সময় আমার নাই।’
মাহী বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘এখানে সব মেয়র প্রার্থী উপস্থিত হতে পারেননি। হেভিওয়েট প্রার্থী আনিসুল হক তরুণদের ফেস করতে চাচ্ছেন না।’
এ দেখাই শেষ দেখা নয় তো: হিমেল নামের একজন তরুণ শেখ মো. ফজলে বারী মাসউদের কাছে আজকে তাঁকে দেখা যাচ্ছে, মেয়র হলেও দেখতে পাওয়া যাবে কি না সে প্রশ্ন করেন। এই প্রার্থী আশ্বাস দিলেন মেয়র হলেও তাঁর দেখা মিলবে। তিনি বলেন, ‘কমলা লেবু মার্কায় মেয়র নির্বাচিত হলে দরজা সব সময় খোলা থাকবে।’ মাহী বদরুদ্দোজা চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ‘এ দেখাই শেষ দেখা নয় তো। তবে নির্বাচনের আগে মেয়র প্রার্থীদের প্রশ্ন করেই তরুণদের দায়িত্ব শেষ করলে চলবে না, সব ক্ষত্রেই তরুণদের অংশগ্রহণও জরুরি।’
প্রধানমন্ত্রী পদে প্রার্থী হলে উত্তর দেব: সভায় তরুণেরা সিটি করপোরেশনের আওতা বহির্ভূত অনেক প্রশ্ন করেন। মাহী বদরুদ্দোজা চৌধুরী একপর্যায়ে বলেই ফেললেন, ‘সরকার ও জনগণের মধ্যে দূরত্ব বেড়ে গেছে। তরুণেরা সরকারকে যে প্রশ্নগুলো করতে পারছে না সেই প্রশ্নগুলোই মেয়র প্রার্থীদের কাছে করছে। যে দিন প্রধানমন্ত্রী হওয়ার প্রার্থী হব সেই দিন এসব প্রশ্নের উত্তর দেব।’

সবার জন্য বাস সেবা: তাবিথ আউয়ালের মার্কা বাস। তাঁর কাছে রাজধানীর পাবলিক বাসের নানান সমস্যা নিয়েই প্রশ্ন করা হয়। তাবিথ আউয়াল গর্ভবতী নারী, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক ব্যক্তি, শিশুসহ সবার উপযোগী বাস সার্ভিস চালুর আশ্বাস দেন। তিনি বলেন, ‘যে দৌঁড়াইয়া, ঝাপাইয়া বাস ধরতে ও নামতে পারে তার জন্যই এ সেবা। অন্যরা বঞ্চিত হচ্ছে।’
নির্বাচন ‘হাসিনা বনাম খালেদা’ কে ‘না’: আবদুল্লাহ আল ক্বাফী তরুণ প্রজন্মের কাছে আহ্বান জানিয়ে বলেন, ভোট দেওয়ার ক্ষেত্রে হাসিনা বনাম খালেদা বা আওয়ামী বনাম বিএনপি বিবেচনা করবেন না। দক্ষ ব্যক্তিকে নির্বাচন করবেন। তিনি দুর্নীতি মুক্ত ঢাকা গড়ার পাশাপাশি ভোটার তালিকায় থাকা নিরক্ষর ব্যক্তিদের পড়ালেখা শেখানোর প্রত্যয় ব্যক্ত করেন।
প্রার্থীদের কিছু কথা: মেয়র প্রার্থী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, বিশেষ রাজনৈতিক পরিস্থিতির মধ্যে নির্বাচন হচ্ছে। এবারের নির্বাচনের মাধ্যমে গুম-খুন না পরিবর্তন এই বিষয়ে ফলাফল আসবে। ভবিষ্যৎ কোন দিকে যাবে সে বিষয়ে তরুণদের সিদ্ধান্ত নিতে হবে।
প্রার্থী জামান ভূঞা মেয়র নির্বাচিত হলে জবাবদিহিতা নিশ্চিত করার জন্য আলাদা মিডিয়া সেন্টার গড়ে তুলবেন বলে জানান। এ ছাড়া দেশের তিন নেত্রীকেও এক টেবিলে বসাবেন বলে উল্লেখ করেন।
প্রার্থী মোয়াজ্জেম হোসেন খান মজলিশ বলেন, ‘১৪ কাঠা জমি নিয়ে আমার বাড়ি। পাড়ায় খেলার জায়গা নেই বলে ছেলেরা আমার বাড়ির মধ্যে ঢুকে খেলা শুরু করে। তাদের আর তাড়াতে পারি না। তাই খেলার মাঠ বাড়ানো জরুরি।’
প্রার্থী নাদের চৌধুরী বলেন, জ্বর হয় কোনো না কোনো ইনফেকশনের কারণে। তাই জ্বর ভালো করার জন্য শুধু প্যারাসিটামল দিলেই হবে না। ইনফেকশনের জন্য অ্যান্টিবায়োটিকও দিতে হবে। একইভাবে মাদক সন্ত্রাস বন্ধ করতে ব্যবসায়ী মহল, আন্তর্জাতিক মহলসহ পুরো চক্রকে চিহ্নিত করতে হবে। যে ব্যবসায়ীরা এ অমানবিক কাজের সঙ্গে যুক্ত মানবতাবিরোধী অপরাধীদের মতো তাদেরও মৃত্যুদণ্ড দেওয়ার সুপারিশ করেন তিনি।
প্রার্থী এ ওয়াই এম কামরুল ইসলাম বলেন, বাজেট বরাদ্দ থাকলেও দুর্নীতির কারণে সেই বাজেট বর্জ্য আকারে বের হয়ে যায়। তাই সবার আগে দুর্নীতি বন্ধ করতে হবে।
শেখ শহীদুজ্জামান মেয়র নির্বাচিত হলে সরকারি জায়গায় প্রতিবন্ধী ব্যক্তিদের আবাসনের ব্যবস্থা এবং সব প্রতিবন্ধী ব্যক্তিকে একটি করে ফ্ল্যাট বরাদ্দ দেবেন বলে উল্লেখ করেন।