মিষ্টিকুমড়া চাষে কৃষকের মুখে হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেত থেকে মিষ্টিকুমড়া কেনার পর সড়কের পাশে স্তূপ করে রেখেছেন পাইকারেরা। সদর উপজেলার ঢোলরহাট থেকে সম্প্রতি তোলা l ছবি: প্রথম আলো
খেত থেকে মিষ্টিকুমড়া কেনার পর সড়কের পাশে স্তূপ করে রেখেছেন পাইকারেরা। সদর উপজেলার ঢোলরহাট থেকে সম্প্রতি তোলা l ছবি: প্রথম আলো

মিষ্টিকুমড়ার ফলন ভালো হয়েছে। বাজারেও চাহিদা বেশ। তাই ধান চাষ করে হতাশ হলেও মিষ্টিকুমড়ার আবাদ ঠাকুরগাঁওয়ের কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে। অধিক চাহিদার কারণে পাইকারেরা খেত থেকেই এগুলো নিয়ে যাচ্ছেন। এতে কৃষকদের লাভের পরিমাণও বেড়ে গেছে।
গত রোববার সদর উপজেলার ইয়াকুবপুর, ভুল্লি, বালিয়াডাঙি উপজেলার ভানোর ও রানীশংকৈলের নেকমরদ এলাকা ঘুরে দেখা গেছে, কৃষক ও শ্রমিকেরা খেত থেকে মিষ্টিকুমড়া তুলে সড়কের পাশে স্তূপ করে রাখছেন। আর খেতের পাশে বসেই দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকারেরা নগদ টাকায় তা কিনে নিচ্ছেন। পরে তাঁরা সেগুলো ট্রাকে তুলে পাঠিয়ে দিচ্ছেন দেশের বিভিন্ন জেলার বাজারে।
বালিয়াডাঙ্গী-নেকমরদ সড়কের পাশের ভানোর গ্রামে মিষ্টিকুমড়া কেনায় ব্যস্ত যশোর থেকে আসা পাইকার আবদুল আউয়াল জানান, মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করে তিনি যশোরের সবজির দর জেনে নেন। এরপর ওই দামের চেয়ে কেজিপ্রতি পাঁচ-সাত টাকা কমে খেতের পাশ থেকেই সবজি কিনে নেন। এতে সবজি পরিবহনের খরচ ও লাভের টাকা উঠে যায়। তিনি আরও জানান, কৃষকদের কাছ থেকে প্রতিমণ মিষ্টিকুমড়া ৪০০ টাকা দরে কিনে নিয়েছেন। যশোরের বাজারে এক মণ মিষ্টিকুমড়া ৫৬০ থেকে ৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে। সে হিসাবে এক ট্রাক (৪০০ মণ) মিষ্টিকুমড়া বিক্রি করে কমপক্ষে ৩৫ থেকে ৪০ হাজার টাকা হাতে থাকে।
আরেক পাইকার জয়নাল আবেদিন বলেন, ‘খেতের পাশ থেকে সবজি কিনলে সব সময় টাটকা পাওয়া যায়। প্রতিদিনই খেতের পাশ থেকে অনেক ব্যবসায়ী মিষ্টিকুমড়ার পাশাপাশি অন্যান্য সবজি কিনে বাইরের জেলায় পাঠাচ্ছেন।’
সদর উপজেলার ইয়াকুবপুর গ্রামের কৃষক রাজেশ চন্দ্র রায় জানান, গত বছর বাজারে মিষ্টিকুমড়া প্রতি মণ ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হয়েছে। পরিবহন খরচ দিয়ে সেখানে নেওয়ার পর ওই দাম পাওয়া যেত। আর এ বছর তাঁরা খেতেই মিষ্টিকুমড়া বিক্রি করেছেন। এবার প্রতি মণ মিষ্টিকুমড়া ৪০০ থেকে ৪২০ টাকা দরে বিক্রি করেছেন।
রানীশংকৈল উপজেলার ভবানন্দ্রপুর গ্রামের মিষ্টিকুমড়ার কৃষক আবুল হোসেন বলেন, এর আগে প্রতি মণ মিষ্টিকুমড়া বাজারে নিতে কমপক্ষে পাঁচ টাকা করে পরিবহন খরচ হতো। ইজারাদারদের দিতে হতো মণপ্রতি ১০ থেকে ১৫ টাকা । এখন খেতে ফসল বিক্রি হওয়ায় সেই ঝামেলা থেকে রেহাই পাওয়া যাচ্ছে।
সদর উপজেলার ঢোলরহাট এলাকার কৃষক আবদুল জব্বার জানান, তিনি চার বিঘা জমিতে মিষ্টিকুমড়া আবাদ করেছেন। প্রতি বিঘা জমিতে তাঁর খরচ পড়েছে ১৬ থেকে ১৭ হাজার টাকা। আর প্রতি বিঘায় গড়ে মিষ্টিকুমড়া পেয়েছেন ৮০ থেকে ৯০ মণ। তিনি প্রতি মণ মিষ্টিকুমড়া ৪২০ টাকা দরে বিক্রি করে পেয়েছেন ১ লাখ ৩০ হাজার টাকা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয়ের উপপরিচালক আরশেদ আলী জানান, ক্রেতা কম থাকায় কৃষকেরা অনেক সময় তাঁদের ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। খেত থেকেই ফসল বিক্রি হওয়ায় কৃষকেরা উপকৃত হচ্ছেন। বিক্রির এই ধারা অব্যাহত থাকলে কৃষকেরা কৃষিকাজে আরও বেশি আগ্রহী হবেন।