মিষ্টির প্যাকেট বানাত রোজিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ওর বাপে অসুখ হইয়া পইরা থাকলি অনেকদিন খাওনের জোগান হয় নাই। রোজিনা না খাইয়াই ইস্কুলে গেছে। বই কিনা দিবার পারি নাই। অনেক কষ্ট কইরা মাইয়াডা আমার আইজ ভালা ফল করছে।’ কথাগুলো বলতে বলতে কেঁদেই ফেললেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পশ্চিমপাড়া গ্রামের শাহানা বেগম। তাঁর মেয়ে রোজিনা খাতুন এবার এসএসসি পরীক্ষায় উল্লাপাড়া আদর্শ উচ্চবিদ্যালয় থেকে মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে। রোজিনার বাবা ইব্রাহীম হোসেন ভাড়ায় ভ্যান চালান। নিজের কোনো জমি-জিরাত নেই। এক শতাংশ ভিটের ওপর একটি ছাপড়া ঘরে কোনোরকমে মাথা গুঁজে থাকেন পাঁচটি মানুষ। রোজিনার ভাই রাসেল মিয়াও এবার এসএসসি পাস করেছে। সেও মানবিকের ছাত্র। রোজিনার অপর ভাই চতুর্থ শ্রেণীতে পড়ে। বাবার সামান্য আয়ে সংসার চলে না। তাই রোজিনা ও রাসেল মিষ্টির প্যাকেট বানায়। সেখান থেকে যৎসামান্য আয় দিয়ে চলে তাদের পড়ার খরচ। রোজিনা জানায়, নির্বাচনী পরীক্ষার পর তার ও তার ভাইয়ের ফরম পূরণের টাকা জোগাড় হচ্ছিল না। তখন শিক্ষকসহ স্থানীয় লোকজন মিলে চাঁদা তুলে সেই টাকা দিয়েছিলেন। প্রতিবেশী গোলাম মোহাম্মদ জানান, ওদের বাড়িতে বিদ্যুৎ নেই। কেরোসিনের কুপি জ্বালিয়ে রোজিনা রাত ১০টা পর্যন্ত মিষ্টির প্যাকেট বানাত। কাজ শেষে অনেক রাত পর্যন্ত পড়ত।