মিষ্টির প্যাকেটে নবজাতকের লাশ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মিষ্টির প্যাকেট থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে সরাইল-নাসিরনগর সড়কের সরাইল উপজেলা সদরের জিল্লুকদারপাড়া জামে মসজিদের সামনে থেকে গ্রামবাসী নবজাতকের লাশ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বিকেলে জিল্লুকদারপাড়া জামে মসজিদের সামনে গ্রামের একদল কিশোর একটি মিষ্টির প্যাকেট দেখতে পায়। কৌতূহলী কিশোরেরা মিষ্টির প্যাকেট খুলে নবজাতকের লাশ দেখে আঁতকে ওঠে। প্রত্যক্ষদর্শী মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ও জসিমউদ্দিন জানান, পরে তাঁরা নবজাতকের লাশ গ্রামের কবরস্থানে মাটিচাপা দেন। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াসউদ্দিন বলেন, নবজাতকের লাশ উদ্ধারের কোনো ঘটনা তাঁরা জানেন না।