মিষ্টির রসে ভাসছিল মশা-তেলাপোকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের চান্দগাঁওয়ের ব্যাপারীপাড়া এলাকায় গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দোকান থেকে জব্দ করা মিষ্টি নালায় ফেলে দেওয়া হয় l ছবি: প্রথম আলো
চট্টগ্রামের চান্দগাঁওয়ের ব্যাপারীপাড়া এলাকায় গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দোকান থেকে জব্দ করা মিষ্টি নালায় ফেলে দেওয়া হয় l ছবি: প্রথম আলো

বড় বড় হাঁড়িতে রসে ডোবানো মিষ্টি। সেখানে ভাসছে মরা মশা, পোকা আর তেলাপোকার বাচ্চা। রস থেকেও বের হচ্ছে দুর্গন্ধ। পাশেই বিশাল কড়াইয়ে পোড়া পামতেল গরম করা হচ্ছিল। নোংরা ও অপরিচ্ছন্ন কারখানাটিতে খালি হাতেই রুটি বেলছিলেন শ্রমিকেরা। পর্যাপ্ত বাতাস না থাকায় দরদর করে শ্রমিকের শরীরের ঘাম ঝরছিল রুটির ওপর।
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল ব্যাপারীপাড়া এলাকার বেইক অ্যান্ড ফাস্ট বেকারি ও মিষ্টির কারখানায় গতকাল সোমবার অভিযান চালিয়ে এমন চিত্র দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন অভিযানে নেতৃত্ব দেন। অপরিচ্ছন্ন পরিবেশ, অস্বাস্থ্যকর বাসি রস-মিষ্টি, পোড়া তেল ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের কারণে কারখানাটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন বলেন, কারখানাটির ভেতরের চিত্র ছিল ভয়াবহ। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা হচ্ছিল। সেখানে বাসি-নষ্ট মিষ্টি ও চিনির শিরা পাওয়া গেছে। রুটির খামির ও কাঁচা মাংস ফ্রিজে একসঙ্গে সংরক্ষণ করা হতো। দুই লাখ টাকা জরিমানার পাশাপাশি কারখানা থেকে জব্দ করা ৬০ লিটার পোড়া তেল, এক মণ বাসি মিষ্টি ও দুই মণ মিষ্টির শিরা নালায় ফেলে দেওয়া হয়েছে।