মিসবাহউদ্দিনকে সিলেটে সংবর্ধনা
তৃতীয়বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হওয়ায় সিলেটের সন্তান মিসবাহউদ্দিন সিরাজকে সংবর্ধনা দিয়েছেন স্থানীয় নেতারা। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা ও নগর আওয়ামী লীগের পক্ষ থেকে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।
পেশায় আইনজীবী মিসবাহউদ্দিন সিরাজ সিলেটের সরকারি কৌঁসুলি (পাবলিক প্রসিকিউটর)। ছাত্রলীগ থেকে আওয়ামী লীগের রাজনীতিতে আসা মিসবাহ সিলেট নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকার সময় ২০০৯ সালে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হন। ২০১২ সালের সম্মেলনেও তিনি সাংগঠনিক সম্পাদক পদে বহাল থাকেন। সর্বশেষ ২২-২৩ অক্টোবর অনুষ্ঠিত সম্মেলনে তিনি সাংগঠনিক সম্পাদক হন।
সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফুল দিয়ে মিসবাহকে অভ্যর্থনা জানান স্থানীয় নেতারা। পরে শোভাযাত্রা করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট জেলা পরিষদের প্রশাসক লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে নগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, জেলার সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, নগরের সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থসহ অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।
অনুষ্ঠানে মিসবাহউদ্দিন সিরাজ তাঁর বক্তৃতায় বলেন, ‘আমাকে তৃণমূলের নেতৃত্ব থেকে কেন্দ্রের নেতৃত্বে বেছে নেওয়া হয়েছিল। কেন্দ্রে গিয়েও আমি তৃণমূলের সাংগঠনিক কাজে ব্যস্ত ছিলাম। যুদ্ধাপরাধের বিচার বিঘ্নিত করতে জামায়াত-বিএনপির নাশকতা মোকাবিলা করে প্রথমবার দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনে আমার বড় ভূমিকা ছিল। দল এসব দিক বিবেচনা করে আমাকে তৃতীয়বারের মতো মনোনীত করেছে।’
সংবর্ধনা অনুষ্ঠানের পর মিসবাহ প্রথম আলোকে বলেন, ‘সিলেট বিভাগে আওয়ামী লীগে কোন্দল ছিল। আমি দুই মেয়াদে কোন্দলের মূলোৎপাটন করে দলকে সাংগঠনিকভাবে দৃঢ় করেছি। এবার তৃতীয় মেয়াদে এসে দলকে জাতীয় নির্বাচনমুখী করার কাজ শুরু করব।’