মিসর ও অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্ক জোরালো হওয়ার আশাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে গতকাল সোমবার বঙ্গভবনে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জাত ও অস্ট্রেলিয়ার হাইকমিশনার গ্রেগ উইলকক। এ সময় উভয় দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য-বিনিয়োগসহ অন্যান্য সম্পর্ক আরও জোরালো হওয়ার আশা ব্যক্ত করেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, আবদুল হামিদ মিসরের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বাংলাদেশে সফলভাবে দায়িত্ব পালন ও দুদেশের সম্পর্ক উন্নয়নে প্রচেষ্টার জন্য তাঁকে ধন্যবাদ জানান। বৈঠকে দুদেশের সম্পর্ক আরও জোরদার হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।
পৃথক সাক্ষাতে আবদুল হামিদ অস্ট্রেলিয়ার হাইকমিশনারকে বলেন, অস্ট্রেলিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। অস্ট্রেলিয়া বাংলাদেশি রপ্তানি পণ্যের গুরুত্বপূর্ণ দেশগুলোর একটি। আগামী দিনগুলোতে অস্ট্রেলিয়ায় বাংলাদেশি পণ্যের বাজার বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নেওয়ার ব্যাপারে ভূমিকা রাখতে হাইকমিশনারের প্রতি আহ্বান জানান। জবাবে অস্ট্রেলীয় হাইকমিশনার দুদেশের মধ্যে বর্তমান বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের উল্লেখ করে বলেন, এ সম্পর্ক পর্যায়ক্রমে আরও বাড়বে। বাণিজ্য সম্পর্ক বৃদ্ধিতে দুদেশের সরকারি-বেসরকারি পর্যায়ে সফর বিনিময়ের ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি ক্রিকেটে বাংলাদেশের সাফল্যেরও প্রশংসা করেন।