মিসরীয় দূতাবাসকে হুমকি দেওয়ায় এক 'মুরসি সমর্থক' আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় মিসরীয় দূতাবাস উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে শওকত আফসার নামের বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সকালে ফার্মগেটের ফোকাস কোচিং সেন্টারে ঢোকার সময় তাঁকে আটক করা হয়।
পুলিশ জানায়, শওকত মিসরীয় দূতাবাসের চিঠির বাক্সে একটি চিঠি রেখে আসেন। তিনি লেখেন, মুরসি সমর্থকদের ওপর হামলা বন্ধ না হলে লিবিয়ার মিসরীয় দূতাবাসের মতো ঢাকারটিও উড়িয়ে দেওয়া হবে। এর পরপরই দূতাবাস ১১ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
পুলিশের গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলাম আজ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্যকেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, কক্সবাজারের ছেলে শওকত (১৮) গতকাল মিসরীয় দূতাবাসে যে চিঠিটি রেখে আসেন, সেখানে তাঁর মুঠোফোন নম্বরটিও লেখা ছিল। চিঠিতে তিনি নিজের নাম পাল্টে লেখেন ‘শওকত ওসমান’। তিনি নিজেকে মুসলিম ব্রাদারহুড ও মুরসি সমর্থক হিসেবেও পরিচয় দেন। গোয়েন্দা পুলিশ শওকতের মুঠোফোন নম্বরটি অনুসরণ করে তাঁকে ধরে ফেলে। জিজ্ঞাসাবাদে শওকত চিঠি দেওয়ার কথা স্বীকার করেছেন। তাঁর হাতের লেখার সঙ্গে চিঠির লেখার মিল পাওয়া গেছে। শওকত বলেছেন, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ‘বাংলাদেশে মুরসি-সমর্থকদের একটি দল’ রয়েছে। তাঁদের কথায় অনুপ্রাণিত হয়ে শওকত চিঠিটি লিখেছেন। তিনি নিজেকে শিবিরের সমর্থক বলেও দাবি করেছেন।
পুলিশ আরও জানিয়েছে, মিসর দূতাবাসে হুমকি দেওয়ার ঘটনায় দেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ দুটি দল নিয়ে গতকাল সন্ধ্যা থেকেই শওকতকে ধরার চেষ্টা করছিল। তবে, আটকের সময় তাঁর হাতে বই-খাতা ও মুঠোফোন ছাড়া আর কিছু পাওয়া যায়নি।
এর আগে আগস্টের শুরুতে জঙ্গি হামলার আশঙ্কায় ঢাকার মার্কিন দূতাবাস বন্ধ রাখা হয়। পুলিশ জানিয়েছে, দূতাবাসগুলোর নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত রাখতে তাঁরা কাজ করে যাচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফেসবুকে মুরসি সমর্থকদের ধরার কোনো পরিকল্পনা তাদের নেই। হুমকি দেওয়ার কারণে শওকতকে গ্রেপ্তার করা হয়েছে।