মিসরের রাজধানী কায়রোতে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির কর্মী-সমর্থকদের বিরুদ্ধে সরকারি নিরাপত্তা বাহিনীর রক্তক্ষয়ী অভিযানে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও দেশটিতে অবস্থানরত বাংলাদেশিরা নিরাপদে রয়েছেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার ওই তথ্য জানিয়েছেন। খবর ইউএনবির। মন্ত্রণালয়ের মহাপরিচালক (বহির্বিশ্ব প্রচার বিভাগ) শামিম আহসান বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, ‘কায়রোয় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত আজ (বৃহস্পতিবার) জানিয়েছেন, সেখানকার বাংলাদেশিরা নিরাপদে আছেন।’
রাষ্ট্রদূতের বরাত দিয়ে ওই কর্মকর্তা আরও বলেন, মিসরে বাংলাদেশ দূতাবাস স্থানীয় বাংলাদেশিদের সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ রক্ষা করে চলেছে এবং তাঁদের উদ্দেশে নিরাপত্তাবিষয়ক নির্দেশনা জারি করেছে। বর্তমানে মিসরে প্রায় ১৫ হাজার বাংলাদেশি নাগরিক অবস্থান করছেন।