মিসরে বাংলাদেশি শ্রমিক খুন
মিসরের রাজধানী কায়রোতে গত বৃহস্পতিবার জিলিম মাহমুদ (পাসপোর্ট এফ-০৭০০২৮১) নামের এক বাংলাদেশি যুবক মারা গেছেন। তিনি কায়রোর একটি পোশাক কারখানায় যন্ত্র পরিচালনের কাজ করতেন। পরিবারের অভিযোগ, জিলিমকে খুন করা হয়েছে। জিলিমের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার মহিষখোলা গ্রামে। বাবার নাম মোল্লা মাজেদ আলী। জিলিমের ভাই গোলাম মাওলা গতকাল রোববার প্রথম আলোকে জানান, নিজাম নামে এক লোক তাঁর ভাইকে মিসরে নিয়ে গিয়েছিল। কিন্তু যে বেতন দেওয়ার কথা ছিল, তা দেওয়া হচ্ছিল না। এ নিয়ে জিলিম প্রতিবাদ করায় নিজাম তাকে খুন করেছে বলে মিসরে থাকা বাংলাদেশিরা তাঁকে জানিয়েছেন। ওই ঘটনার পর পুলিশ নিজামকে গ্রেপ্তার করেছে।গোলাম মাওলা বলেন, ‘ভাইয়ের লাশ দেশে আনতে চাই। এ জন্য গত দুই দিন সরকারের বিভিন্ন দপ্তরে ছুটেছি। কিন্তু কেউ সহায়তা করছে না। আমি চাই সরকার আমার ভাইয়ের লাশটা দেশে আনার ব্যবস্থা করুক।’