মিসরে বাংলাদেশিরা নিরাপদে: পররাষ্ট্র মন্ত্রণালয়
মিসরের রাজধানী কায়রোতে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসি ও মুসলিম ব্রাদারহুডের সমর্থকদের অবস্থান ধর্মঘটের ওপর পুলিশি অভিযানে শ খানেক মানুষ মারা গেছে। এর পরই দেশটির অন্তর্বর্তী সরকার দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে।
এদিকে রক্তক্ষয়ী অভিযান সত্ত্বেও সেদেশে বাংলাদেশিরা নিরাপদে আছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ে বহিঃসম্প্রচার অনুবিভাগের মহাপরিচালক শামীম আহমেদ বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) বলেন, ‘আমাদের অনুমিত হিসাব অনুযায়ী সর্বোচ্চ ১৫ হাজার বাংলাদেশি বর্তমানে মিসরে রয়েছে। কায়রোয় আমাদের দূতাবাস থেকে প্রাপ্ত তথ্যমতে সেখানে সব বাংলাদেশি নিরাপদ রয়েছে।’
শামীম আহমেদ আরও বলেন, কায়রোয় বাংলাদেশের রাষ্ট্রদূত মিজানুর রহমান ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছেন, বিক্ষোভকারীদের দুটি ক্যাম্পে নিরাপত্তা বাহিনী অভিযান চালানোর কারণে দূতাবাসের কর্মকর্তারা প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করছেন। তিনি বলেন, দূতাবাস এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হতাহতের খবর পায়নি।