মিসরের কারাগার থেকে ফিরলেন ১৭ বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের কারাগারে বন্দী থাকা ১৭ বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়েছে। গত রোববার দেশের অন্যতম বৃহৎ ব্যবসাপ্রতিষ্ঠান এমজিএইচ গ্রুপের উদ্যোগ ও প্রচেষ্টায় তাঁরা দেশে ফিরে আসেন। এমজিএইচের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈধ কাগজপত্র না থাকা ও অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার কারণে ওই ১৭ বাংলাদেশি মিসরের কায়রোর কারাগারে বন্দী ছিলেন। গত জুন মাসে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মাধ্যমে তা জানতে পারে এমজিএইচ গ্রুপ। এরপর বিএমইটি, মিসরে বাংলাদেশ দূতাবাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতায় চেষ্টা চলে। শেষমেশ রোববার তাঁদের দেশে ফেরত আনা হয়। এ প্রসঙ্গে এমজিএইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আনিস আহমেদ বলেন, ‘এসব অসহায় মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব।’ প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে করপোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন স্থানে আটক বাংলাদেশিদের আইনি ও আর্থিক সহায়তা দিচ্ছে এমজিএইচ গ্রুপ। গত বছর তানজিয়ার জেলে আটক থাকা ২০ বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়। চলতি বছরের শুরুতে তাসলিমা বেগম নামের এক নারীকে লেবানন থেকে উদ্ধার করে দেশে আনা হয়। এভাবে এমজিএইচ গ্রুপ সৌদি আরব, জর্ডান ও তুরস্ক থেকে বেশ কয়েকজন বাংলাদেশি অসহায় পুরুষ ও নারীকে উদ্ধার করে দেশে ফেরত এনেছে।