মিস্টার ও মিস অলরাউন্ডার নির্বাচিত
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘ আয়োজিত প্রতিভা অন্বেষণমূলক প্রতিযোগিতা ‘মিস্টার অ্যান্ড মিস অলরাউন্ডার-২০১৬’ সম্পন্ন হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে ‘মিস্টার অলরাউন্ডার’ নির্বাচিত হয়েছেন কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ছাত্র জিতেন রায়। তাঁর বাড়ি পঞ্চগড়ে। আর ‘মিস অলরাউন্ডার’ নির্বাচিত হয়েছেন বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ছাত্রী হবিগঞ্জের জান্নাত তাসনোভা চৌধুরী।
গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। চলচ্চিত্র নির্মাতা খলিলুর রহমানের সঞ্চালনায় নানা আনুষ্ঠানিকতায় সাংস্কৃতিক প্রতিভা অন্বেষণ শেষে চূড়ান্তপর্বে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। দুজনকে ‘অলরাউন্ডার উত্তরীয়’ পরিয়ে দেওয়া হয়।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের মৎস্য স্বাস্থ্য ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন, কৃষি বিপণন ও ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান এবং আবৃত্তিশিল্পী গোলজার আহমেদ ও কণ্ঠশিল্পী অনামিকা রায়।
আয়োজকেরা জানান, প্রাথমিক বাছাইপর্বে (অডিশন রাউন্ড) প্রতিযোগীরা নিজ নিজ সাংস্কৃতিক প্রতিভা যেমন: নাচ, গান, অভিনয়, আবৃত্তি, বক্তৃতা বিচারকদের সামনে উপস্থাপন করেন। সেখান থেকে সেরা ১৫ জন চূড়ান্তপর্বের (ফাইনাল রাউন্ড) জন্য মনোনীত করা হয়। চূড়ান্তপর্বে প্রতিযোগীরা তাঁদের পছন্দমতো বিষয় উপস্থাপনার পাশাপাশি বিচারকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন।
কৃষ্ণচূড়ার সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. জামাল উদ্দিন ভূঞা জানান, বড় পরিসরে আরেকটি অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত দুজনকে পুরস্কৃত করা হবে।