পুলিশের বাধায় মিয়ানমার অভিমুখে লংমার্চ স্থগিত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর দমন-পীড়নের প্রতিবাদে গতকাল রোববার এই লংমার্চ করার কথা ছিল। বাধা দেওয়ার প্রতিবাদে আগামী শুক্রবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি।
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল সকাল সাড়ে নয়টায় যাত্রাবাড়ীর কাজলায় জড়ো হতে থাকেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মীরা। সেখানে আগে থেকে অবস্থান নেওয়া পুলিশের অর্ধশতাধিক সদস্য কাউকে দাঁড়াতে দেননি। দেশের বিভিন্ন স্থান থেকে আসা ছয় থেকে সাতটি বাস, মাইক্রোবাসের চাবি ও কাগজপত্র পুলিশকে নিয়ে যেতে দেখা যায়।
এর প্রতিবাদে দুপুর ১২টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর ফটকের সামনের সড়কে ‘প্রতিবাদ সমাবেশ’ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এতে পুরানা পল্টন মোড়সহ আশপাশের কয়েকটি সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
সমাবেশে সংগঠনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেন, শান্তিপূর্ণ লংমার্চ কর্মসূচিতে বাধা দেওয়া রহস্যজনক। আগামী শুক্রবার জুমার নামাজের পর সারা দেশে বিক্ষোভ মিছিল করা হবে৷ লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, অনুমতি নেওয়ার পরও লংমার্চ করতে দেওয়া হয়নি। গতকাল পল্টন, যাত্রাবাড়ী ও কলাবাগান থেকে অর্ধশতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের ওয়ারী জোনের উপকমিশনার মো. ফরিদ উদ্দিন বলেন, তাদের লংমার্চ করার অনুমতি ছিল না। তাই বাধা দেওয়া হয়েছে৷ উচ্ছৃঙ্খল আচরণ করায় যাত্রাবাড়ী থেকে দুজনকে আটক করা হয়েছিল, পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এর বাইরে কাউকে আটক করার তথ্য তাঁর জানা নেই।