মিয়ানমার ও চীনের সঙ্গে যোগাযোগ স্থাপনে রেলপথ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য এক হাজার ৮৫২ কোটি টাকার একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে।প্রকল্পটির আওতায় রয়েছে দুটি পথ। চট্টগ্রামের দোহাজারী থেকে রামু হয়ে একটি পথ চলে যাবে পর্যটন নগর কক্সবাজারে। আরেকটি পথ রামু থেকে যাবে মিয়ানমার সীমান্ত এলাকা গুনদুম পর্যন্ত।এ ছাড়া গুলশান, বনানী ও বারিধারার লেকগুলো বর্জ্য দূষণমুক্ত ও অবৈধ জমি দখলমুক্ত করতে ৪১০ কোটি টাকা ব্যয়ের আরেকটি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। গতকাল মঙ্গলবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে একনেকের চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার সাংবাদিকদের এসব তথ্য জানান।পরিকল্পনামন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে ট্রান্স এশিয়ান রেলপথের সঙ্গে যুক্ত হতে পারবে বাংলাদেশ। প্রকল্প বাস্তবায়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও চীনের এক হাজার ১৮২ কোটি টাকা দেওয়ার কথা রয়েছে।পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, চলতি জুলাই মাসে চট্টগ্রামের দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে মিয়ানমারের কাছে গুনদুম পর্যন্ত সিঙ্গেল লাইন মিটারগেজ রেলওয়ে ট্র্যাক নির্মাণ প্রকল্প বাস্তবায়ন শুরু হচ্ছে। এই প্রকল্পের আওতায় দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটার এবং রামু থেকে গুনদুম পর্যন্ত ২৮ কিলোমিটার নতুন রেললাইন স্থাপন ও ২৬ কিলোমিটার লুপলাইন স্থাপন করা হবে।সাতকানিয়া, লোহাগড়া, চকোরিয়া, ডুলাহাজারা, রামু, ঈদগাহ, কক্সবাজার, উখিয়ায় মোট নয়টি নতুন স্টেশন নির্মাণ করা হবে। এ ছাড়া ৪৭টি সেতু, ১৪৯টি কংক্রিট বক্স কালভার্ট, ৫২টি কংক্রিট পাইপ কালভার্ট নির্মাণ করা হবে। প্রকল্পের কাজ শেষ হবে ২০১৪ সালের জুন মাসে। বৈঠকে ৪১০ কোটি টাকার গুলশান, বনানী ও বারিধারা লেক উন্নয়ন প্রকল্পের উদ্দেশ্য হলো, এসব এলাকার বর্জ্য ও নোংরা পানি জলাশয়গুলোতে নিঃসরণ হতে না দেওয়া। প্রকল্পটির আওতায় একটি কেন্দ্রীয় শোধনাগারের মাধ্যমে পানি পরিশোধন করা হবে এবং জলাশয়ের চারপাশে হাঁটার পথ (ওয়াকওয়ে) নির্মাণ করা হবে। অবৈধ দখলমুক্ত করে এতে নির্মাণ করা হবে পার্কসহ অন্যান্য স্থাপনা।গতকালের একনেক বৈঠকে মোট চার হাজার ৪৪ কোটি টাকার আটটি প্রকল্প অনুমোদিত হয়েছে। এতে সরকারের অর্থায়ন দুই হাজার ৮৬২ কোটি টাকা আর বিদেশি সহায়তা এক হাজার ১৮২ কোটি টাকা।অনুমোদিত অন্য প্রকল্প: ১৯৪ কোটি টাকার কৃষি মন্ত্রণালয়ের সমন্বিত মানসম্পন্ন উদ্যান উন্নয়ন প্রকল্প, ৪১৮ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার বিভাগের বৃহত্তর ফরিদপুর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়), ২৩০ কোটি টাকা ব্যয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২ ডি সাইসমিক সার্ভে আন্ডার ফার্স্ট ট্র্যাক প্রকল্প, ১২০ কোটি টাকার সড়ক ও রেলপথ বিভাগের মদনপুর-দিরাই-শাল্লা সড়কের একাংশের নির্মাণকাজ, ৭০০ কোটি টাকার বিশেষ গ্রামীণ পানি সরবরাহ প্রকল্প এবং ১২০ কোটি টাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন প্রকল্প।