মিয়ানমার কোস্টগার্ডকে পণ দিয়ে ফিরলেন ১৯ জেলে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে গিয়ে গত সোমবার কক্সবাজারের টেকনাফের ১৯ জেলে দুটি ট্রলারসহ মিয়ানমার কোস্টগার্ডের হাতে আটক হন। তবে গভীর রাতে তাঁরা ছাড়া পেয়ে ফিরেছেন। ট্রলার দুটির মালিকেরা বলেছেন, চার লাখ টাকার বিনিময়ে এই মুক্তি মিলেছে। অবশ্য বিজিবি বলছে, মুক্তিপণের বিষয়ে কিছু জানে না।

ট্রলার দুটির মালিক হলেন টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর মিস্ত্রিপাড়ার শামসুল আলম ও দক্ষিণপাড়ার মোহাম্মদ ইসমাইল। তাঁরা গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, সোমবার বিকেলে বঙ্গোপসাগরে সেন্ট মার্টিনের পূর্ব-দক্ষিণে মৌলভীরশীল এলাকায় মাছ ধরছিলেন টেকনাফের বাসিন্দা ওই ১৯ জেলে। এ সময় হঠাৎ মিয়ানমারের একটি বড় ট্রলার বাংলাদেশের ওই জলসীমায় ঢুকে পড়ে। ওই ট্রলারে মিয়ানমার কোস্টগার্ডের পোশাকধারী লোকজন ছিল। তাঁরা বাংলাদেশি ট্রলার দুটিতে থাকা জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করেন। পরে ট্রলারে থাকা ১৯ জেলেকে রশি দিয়ে বেঁধে ব্যাপক মারধর করা হয়। একপর্যায়ে তাঁদের (দুই ট্রলার মালিককে) মুঠোফোনে ফোন দিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। জেলেদের জীবন ও ট্রলারের মূল্যের কথা চিন্তা করে তাঁরা চার লাখ টাকা দিতে রাজি হন।

এদিকে সোমবার রাত নয়টার দিকে বিষয়টি টেকনাফ-২ বিজিবিকে অবহিত করেন ট্রলার মালিকেরা। বিজিবি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেয়। রাত ১০টার দিকে আবার ট্রলার মালিকদের কাছে ফোন আসে। টাকা দিলে ট্রলারসহ ১৯ জেলেদের ছেড়ে দেওয়া হবে, এমন আশ্বাসে রাতেই অপর একটি ট্রলার ঘটনাস্থলের দিকে রওনা হয়। চার লাখ টাকা বুঝে পাওয়ার পর রাত দেড়টার দিকে মিয়ানমারের কোস্টগার্ড ট্রলার দুটিসহ ১৯ জেলেকে ছেড়ে দেয়। কিন্তু ট্রলারে থাকা লক্ষাধিক টাকার মাছ ও জ্বালানি লুট করে নেওয়া হয়।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মিয়ানমার কোস্টগার্ডের সঙ্গে আমাদের যোগাযোগ নেই। এরপরও বিষয়টি তাৎক্ষণিক দেশটির বর্ডার গার্ড পুলিশকে (বিজিপি) জানানো হয়। ধারণা করা হচ্ছে, ওই যোগাযোগের সূত্র ধরেই দুটি ট্রলারসহ ওই জেলেরা ছাড়া পেয়েছেন।’ মুক্তিপণ দিতে হয়েছে, এমন বিষয় জানা নেই দাবি করে তিনি বলেন, মিয়ানমার কোস্টগার্ডের বাংলাদেশ জলসীমায় ঢুকে পড়ার বিষয়ে একটি প্রতিবাদলিপি পাঠাচ্ছে বিজিবি।