মিয়ানমার গেছেন প্রধানমন্ত্রী
মিয়ানমারের রাজধানী নেপিডোয় দক্ষিণ এশিয়ার সাত দেশের সংগঠন ‘বিমসটেক’-এর শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ সোমবার সকালে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দশম জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার এটিই প্রথম বিদেশ সফর
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস জানিয়েছে, সকাল আটটার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শেখ হাসিনা ও তাঁর সফর সঙ্গীদের বহনকারী বিমানটি ঢাকা ছাড়ে।
বিমানবন্দরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ আ স ম ফিরোজ, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, তিন বাহিনীর প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি মিয়ানমারের স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে নেপিডো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা। দুই দিনের এই সফরে ৩২ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী।
রাজধানী নেপিডোয় আগামীকাল ৪ মার্চ বিমসটেকের শীর্ষ সম্মেলন শুরু হবে। সম্মেলনে বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল ও ভুটানের শীর্ষস্থানীয় নেতারা যোগ দিচ্ছেন।
সম্মেলনের এক ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া অন্য দেশের নেতাদের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে।
ভারতের পররাষ্ট্রসচিব সুজাতা সিং গতকাল নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশ ও ভারতের স্বার্থসংশ্লিষ্ট অমীমাংসিত সব বিষয়ে দুই প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা হবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সীমান্ত বিল ও তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে মনমোহন সরকার কতটা ঐকমত্যে পৌঁছাতে পেরেছে, বৈঠকে তা হাসিনাকে জানাবেন মনমোহন। এ ছাড়া স্থলবন্দরের পরিকাঠামো বৃদ্ধি ও সীমান্ত হাটের সংখ্যা বাড়ানোর সর্বশেষ অগ্রগতি নিয়েও দুই প্রধানমন্ত্রীর কথা হবে। নির্বাচন-পরবর্তী বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা এখনো অব্যাহত থাকায় ভারতের উদ্বেগের কথাও জানাবেন মনমোহন।