মিয়ানমার থেকে আরও ৭৩ বাংলাদেশি ফিরছে সোমবার
মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া আরও ৭৩ বাংলাদেশিকে ফেরত আনা হচ্ছে সোমবার।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি), জেলা ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে গঠিত বাংলাদেশের একটি প্রতিনিধি দল ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে মিয়ানমারে রওনা হবে।
কক্সবাজার বিজিবি-১৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. রবিউল ইসলাম জানান, তাঁর নেতৃত্বে প্রতিনিধি দলটি মিয়ানমার পৌঁছালে দেশটির ইমিগ্রেশন বিভাগের সঙ্গে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে এসব বাংলাদেশিকে তাঁদের কাছে হস্তান্তর করা হবে।
সেখান থেকে একই সীমান্ত দিয়ে দেশে ফিরে এসে ওই ৭৩ বাংলাদেশিকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে রাখা হবে। পরে পুলিশের কাছে হস্তান্তরের পর জিজ্ঞাসাবাদ ও তথ্য সংগ্রহ শেষে আদালতের মাধ্যমে তাঁদের মুক্ত করে দেওয়া হবে।
এর আগে ৮ ও ১৯ জুন, ২২ জুলাই, ১০ ও ২৫ আগস্ট ৫ দফায় মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া ৬২৬ বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে।