মিয়ানমার থেকে চাল আমদানি বন্ধ করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোহিঙ্গা হত্যার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের কর্মীরা গতকাল মিয়ানমার দূতাবাস ঘেরাও করতে গেলে গুলশান–২ গোলচত্বরে পুলিশ তাঁদের বাধা দেয় l ছবি: প্রথম আলো
রোহিঙ্গা হত্যার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের কর্মীরা গতকাল মিয়ানমার দূতাবাস ঘেরাও করতে গেলে গুলশান–২ গোলচত্বরে পুলিশ তাঁদের বাধা দেয় l ছবি: প্রথম আলো

মিয়ানমারের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ এবং ওই দেশ থেকে চাল আমদানির সিদ্ধান্ত বাতিলের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে গণজাগরণ মঞ্চ।

গতকাল সোমবার বিকেলে রাজধানীর গুলশান ২ নম্বর চত্বরে মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচি থেকে এই আহ্বান জানান গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকার। তিনি বলেন, ‘সরকার মানবিক প্রশ্নে রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে, একইভাবে চাল আমদানির সিদ্ধান্ত বাতিল করুন। যে চালের ভেতরে মানুষের রক্ত লেগে আছে, এ দেশের জনগণ সেই চাল খেতে চায় না। আমি মনে করি, জনগণ সেই চাল এ দেশে ঢুকতে দেবে না।’

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গণজাগরণ মঞ্চের কর্মীরা বেলা সাড়ে তিনটার দিকে গুলশান ২ নম্বর গোল চত্বরে জমায়েত হলেও তাঁদের মিয়ানমার দূতাবাসের দিকে যেতে দেয়নি পুলিশ। এরপর তাঁরা সেখানে বিক্ষোভ ও সমাবেশ করেন। পরে পাঁচ সদস্যের একটি দল মিয়ানমার দূতাবাসে গিয়ে স্মারকলিপি দেয়। তাতে আরাকানে সহিংসতা ও গণহত্যা বন্ধের দাবি জানানো হয়।

মিয়ানমারের পণ্য বর্জনের আহ্বান জানিয়ে ইমরান এইচ সরকার বলেন, ‘দেশের কোথাও কোনো বার্মিজ পণ্য বিক্রি করতে দেওয়া হবে না। ব্যবসায়ীসহ সকলের প্রতি আহ্বান, যে বার্মিজ পণ্য কিনছেন, আপনাদের টাকা দিয়েই অস্ত্র কিনে বার্মা নিরীহ সাধারণ রোহিঙ্গাদের রক্ত ঝরাচ্ছে। বার্মাকে বাণিজ্যিকভাবে কোণঠাসা করে অস্ত্র কেনা বন্ধ করতে হবে।’