মিয়ানমার থেকে তিন ট্রলারে ৩৫৯টি পশু এসেছে
মিয়ানমার থেকে গতকাল শনিবার তিনটি ট্রলারযোগে ৩৫৯টি পশু (গরু-মহিষ) কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ করিডরে এসেছে। বিজিবি সূত্র জানায়, স্থানীয় ব্যবসায়ী আবদুর রহমান ও হাফেজ আহমদের একটি ট্রলারে করে ১৫১টি, মো. শহীদ, আবদুল জব্বার ও মো. শরীফের দুটি ট্রলারে ২০৮টিসহ শাহপরীর দ্বীপ করিডরে ৩৫৯টি পশু এসেছে। এসব পশু থেকে ৫০০ টাকা করে এক লাখ ৭৯ হাজার ৫০০ টাকা রাজস্ব পেয়েছে সরকার।পশু ব্যবসায়ী মো. শহীদ ও আবদুল জব্বার বলেন, বিজিবির সহযোগিতায় নাসাকা বাহিনীর টহল শিথিল করায় পুনরায় পশু আমদানি শুরু করা হয়। এ পরিস্থিতি স্বাভাবিক থাকলে কোরবানি ঈদে কয়েক হাজার পশু আমদানি করা হবে। পাশাপাশি সরকার এ খাত থেকে প্রচুর পরিমাণ রাজস্ব পাবে।৪২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান প্রথম আলোকে বলেন, রামু, উখিয়া ও টেকনাফে বৌদ্ধ ও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে বঙ্গোপসাগরে নাসাকা বাহিনী টহল জোরদার করেছিল।১০ অক্টোবর প্রথম আলোয় ‘নাসাকার বাধায় মিয়ানমার থেকে পশু আমদানি কমেছে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।