মিয়ানমার থেকে পশু আমদানি বাড়াতে বৈঠক
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ করিডর দিয়ে মিয়ানমার থেকে পশু আমদানি বাড়াতে গতকাল শনিবার স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বিজিবি।
টেকনাফে-২ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরের সম্মেলনকক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূর হোসেন, পশু ব্যবসায়ী আবু ছৈয়দ, মোহাম্মদ শরিফ, করিডরের পশু ব্যবসায়ী সমিতির সহসভাপতি মোহাম্মদ কাশিম, জেটির ইজারাদার নুরুল হক।
সভায় ব্যবসায়ীরা বলেন, আবহাওয়া অনুকূলে না থাকায় প্রায় দেড় মাস ধরে মিয়ানমার থেকে পশু আমদানি অনেক কমে গেছে। এতে সরকার প্রচুর পরিমাণে রাজস্ব হারাচ্ছে।
সভায় লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মিয়ানমার থেকে বেশি করে পশু আমদানির তাগিদ দেন। এ সময় তিনি ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দেন।