মিয়ানমার থেকে ফিরল আরও ৪৮ অভিবাসী
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টাকালে মিয়ানমারের জলসীমায় আটক ৪৮ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। গতকাল বুধবার বিকেলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে তাঁরা দেশে ফেরেন। এর আগে দুপুরে মিয়ানমারের মংডু শহরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের অভিবাসন কর্তৃপক্ষের মধ্যে বৈঠক হয়।
বিজিবি সূত্র জানায়, ৪৮ অভিবাসনপ্রত্যাশীর মধ্যে কক্সবাজারের ১৯ জন, যশোরের ১২ জন, নারায়ণগঞ্জের তিনজন, পাবনার একজন, খুলনার একজন, নোয়াখালীর একজন, কিশোরগঞ্জের একজন, গোপালগঞ্জের একজন, কুষ্টিয়ার দুজন, সিরাজগঞ্জের তিনজন ও টাঙ্গাইলের চারজন রয়েছেন।
কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল) আবদুল মালেক মিয়া প্রথম আলোকে বলেন, ফেরত আনা অভিবাসনপ্রত্যাশীদের কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে রাখা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে।
বিজিবি সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে ২০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতু দিয়ে মিয়ানমারে যান। দুপুর ১২টায় মিয়ানমারের ঢেকিবুনিয়া বিজিপি (বর্ডার গার্ড পুলিশ) ফাঁড়িতে সে দেশের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের সঙ্গে বাংলাদেশ প্রতিনিধিদলের পতাকা বৈঠক হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার। পর্যবেক্ষক ছিলেন বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল এম এম আনিসুর রহমান। মিয়ানমারের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সে দেশের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট মংডু জেলার উপপরিচালক স নেইং। বৈঠক শেষে অভিবাসনপ্রত্যাশী ৪৮ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ দলের প্রধান লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার প্রথম আলোকে জানান, পতাকা বৈঠক শেষে সপ্তম দফায় আরও ৪৮ জন অভিবাসনপ্রত্যাশীকে ফেরত আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ১৩ জেলার ৪৮ জন অভিবাসনপ্রত্যাশীকে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে ছয় দফায় আরও ৭২৯ জন অভিবাসনপ্রত্যাশীকে মিয়ানমার থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
গতকাল পর্যন্ত সাত দফায় মিয়ানমার থেকে মোট ৭৭৭ জন অভিবাসনপ্রত্যাশীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।