মিয়ানমার থেকে ফিরেছেন আরও ১২৫ অভিবাসী
সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার পথে মিয়ানমার উপকূল থেকে উদ্ধার আরও ১২৫ জন বাংলাদেশি অভিবাসীকে গতকাল মঙ্গলবার দেশে ফিরিয়ে আনা হয়েছে। বেলা দেড়টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ওই অভিবাসীদের মিয়ানমার থেকে বাংলাদেশ সীমান্তের ঘুমধুম নিয়ে আসেন।
ফিরে আসা অভিবাসীদের কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন পুলিশসহ একাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ বুধবার তাঁদের ছেড়ে দেওয়া হবে। এর আগে আরও চার দফায় ৫০১ জন অভিবাসীকে দেশে ফিরিয়ে আনে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রবিউল ইসলামের নেতৃত্বে ২০ সদস্যের বাংলাদেশি প্রতিনিধিদল নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে মিয়ানমারে যান। এরপর সেখানকার মংডু জেলার ঢেকিবুনিয়া বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ফাঁড়িতে সে দেশের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের সঙ্গে পতাকা বৈঠকে মিলিত হয় বিজিবি। বৈঠকে পঞ্চম দফায় ১২৫ জন বাংলাদেশি অভিবাসীকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
অপরদিকে ২২ সদস্যের মিয়ানমার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সে দেশের মংডু জেলা ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের উপপরিচালক ইউ স নাইং। বিজিবি প্রতিনিধিদলের প্রধান লে. কর্নেল রবিউল ইসলাম জানান, ঘুমধুম সীমান্তে ১২৫ জন অভিবাসীকে আইনানুগ কার্যক্রমের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে অপ্রাপ্ত বয়স্ক শিশু-কিশোর রয়েছে ২৪ জন।
অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ জানান, গতকাল বিকেলে ঘুমধুম থেকে ১২৫ জন অভিবাসীকে পাঁচটি বাসে করে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে নেওয়া হয়েছে। সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সূত্র জানায়, ১২৫ অভিবাসীর মধ্যে রয়েছেন কক্সবাজারের ৮৫ জন, বান্দরবানের ছয়জন, ফেনীর তিনজন, ব্রাহ্মণবাড়িয়ার পাঁচজন, চাঁদপুরের একজন, ঢাকার দুজন, গাজীপুরের একজন, টাঙ্গাইলের চারজন, কিশোরগঞ্জের দুজন, মাদারীপুরের সাতজন, রাজবাড়ীর দুজন, গোপালগঞ্জের একজন, মেহেরপুরের চারজন ও ভোলার দুজন।
বিজিবি ও পুলিশ সূত্র জানায়, গত ৯ আগস্ট মিয়ানমার থেকে চতুর্থ দফায় ১৫৯ জন অভিবাসীকে দেশে ফিরিয়ে আনা হয়। এর আগের তিন দফায় (৮ ও ৯ জুন এবং ২২ জুলাই) আরও ৩৪২ জন অভিবাসীকে দেশে ফিরিয়ে আনে বিজিবি।