মিয়ানমার থেকে ফিরেছেন ১৮ বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে কারাভোগ শেষে গতকাল বৃহস্পতিবার ১৮ বাংলাদেশি ও ১ রোহিঙ্গাকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বিভিন্ন সময়ে তাঁরা মিয়ানমারে আটক হয়েছিলেন। গতকাল দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের মৈত্রী সেতুর বিপরীতে মিয়ানমারের ঢেঁকিবনিয়া এলাকায় বিজিপি ফাঁড়িতে আনুষ্ঠানিকভাবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে তাঁদের হস্তান্তর করে মিয়ানমার।

বৈঠকে ১১ সদস্যের বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কক্সবাজারের বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মঞ্জুরুল হাসান খান। পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল মো. রাকিবুল হক। ১৩ সদস্যের মিয়ানমার দলের নেতৃত্ব দেন সে দেশের ইমিগ্রেশন অ্যান্ড পপুলেশন ডিপার্টমেন্টের উপপরিচালক উ     থাং চু।

লে. কর্নেল মঞ্জুরুল হাসান খান বলেন, ফিরে আসা ১৯ ব্যক্তির মধ্যে ৭ জন জেলে। নাফ নদীতে মাছ ধরতে গিয়ে তাঁরা মিয়ানমারে আটক হন। অপর ১২ ব্যক্তি সমুদ্রপথে মালয়েশিয়ায় যাত্রাকালে মিয়ানমারে আটক হয়েছিলেন। বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে তাঁদের ফেরত পাঠানো হয়েছে। ফিরিয়ে আনা ব্যক্তিদের কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও বিজিবি সূত্র জানায়, ফিরিয়ে আনা ব্যক্তিদের মধ্যে আবদুস শুক্কুর নামের একজন রোহিঙ্গাও আছেন। তিনি টেকনাফের নয়াপাড়ার শরণার্থী শিবিরের সি ব্লকের রোহিঙ্গা মকবুল আহমদের ছেলে। নৌপথে মালয়েশিয়া পাচারের সময় তিনি মিয়ানমারে ধরা পড়েন।

কক্সবাজারের পুলিশ সুপার এ কে এম ইকবাল হোসেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।