মিয়ানমার থেকে সব ফেলে এসেছেন তাঁরা
গর্জন কাঠের কারুকাজ করা দোতলা বাড়ি রয়েছে ব্যবসায়ী আবদুস শুক্কুরের। গ্রামের লোকজনের কাছে তাঁরা ধনাঢ্য পরিবার হিসেবে পরিচিত। এলাকায় তাঁদের বড় মুদি দোকান রয়েছে চারটি। জমি রয়েছে প্রায় ১৫ একর। পৈতৃকভাবে পাওয়া সম্পত্তি নিজের চেষ্টায় আরও কয়েক গুণ বাড়িয়েছেন তিনি। মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরের দংখালী গ্রাম থেকে পালিয়ে গতকাল রোববার ভোরে টেকনাফের শাহপরীর দ্বীপে পা রাখেন শুক্কুর। সঙ্গে পরিবারের সদস্যরা।
শুক্কুরের পরিবারের সদস্যদের পোশাকেও আভিজাত্যের ছাপ রয়েছে। পোশাকের এই পার্থক্যটুকুই কেবল অন্য রোহিঙ্গাদের চেয়ে তাদের আলাদা করেছে। ধনাঢ্য এই পরিবারটি অন্য সবার মতোই আশ্রয় খুঁজছে। শুক্কুরের সঙ্গে এসেছেন তাঁর মা বিবি জান, স্ত্রী খালেদা বেগম, বোন ফরিদা বেগম, ইয়াসমিন আরা, মেয়ে নুরজাহান ও ছেলে রবিউল আলম। তাঁদের সঙ্গে আরও দুটি পরিবার এসেছে। সব মিলিয়ে তিন পরিবারের সদস্য ২১ জন।
গতকাল সকাল সাড়ে আটটায় শাহপরীর দ্বীপের উত্তরপাড়া এলাকায় কথা হয় আবদুস শুক্কুরের সঙ্গে। তিনি বলেন, কয়েক দিন ধরে রাখাইন রাজ্যের বিভিন্ন সড়কে ভারী অস্ত্র নিয়ে টহল দিচ্ছেন সেনা ও পুলিশ সদস্যরা। তাঁদের সঙ্গে নতুন পোশাকে আরও একটি বাহিনীও টহল দিচ্ছে। গ্রামগুলোতে তল্লাশি চালিয়ে যুবকদের ধরে নিয়ে যাচ্ছেন। আর এলাকায় প্রভাবশালী রোহিঙ্গা তাদের ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছেন। তিনি বলেন, দংখালী ও ফাতংজা এলাকায় চার দোকানে তাঁর প্রায় ৩০ কোটি টাকার মালামাল রয়েছে। জমিজমা, ধনসম্পদ সব ফেলে প্রাণের ভয়ে রেখে পালিয়ে এসেছেন। পালিয়ে আসার সময় টেকনাফের শাহপরীর দ্বীপ ঘোলাপাড়ার দালালদের জনপ্রতি বাংলাদেশি মুদ্রায় ১৪ হাজার টাকা করে দিতে হয়েছে।
আবদুস শুক্কুর বলেন, তাঁরা আশ্রয়কেন্দ্রে যাবেন না। চট্টগ্রামে এক আত্মীয়ের বাড়িতে থাকবেন।
আবদুস শুক্কুরের সঙ্গে এসেছেন একই গ্রামের দিনমজুর আলী আহমদ। তিনি বলেন, মিয়ানমারের সেনাবাহিনীর সামনে পড়লে আর কারও রক্ষা নেই। তাঁর ঘর থেকে তিনটি গরু লুট করে নিয়ে গেছে তারা। কোরবানির সময় বিক্রি করতে চেয়েছিলেন তিনটি গরু। অনেকের বাড়িঘরে আগুন দিয়েছে তারা।
গতকাল ভোরে মিয়ানমারের মংডু শহরের বিভিন্ন গ্রাম থেকে পালিয়ে টেকনাফের লেদা রোহিঙ্গা বস্তিতে আশ্রয় নেন রোহিঙ্গা নারী সনজিদা খাতুন, মাবিয়া বেগম, শমমেরাজ, মাসুমা খাতুনসহ মোট ১৯ জন। তাঁরা বলেন, মংডুর মাংগালা এলাকা দিয়ে শনিবার বিকেলে বাংলাদেশে ঢোকার সময় হেলিকপ্টার থেকে গুলি করে মিয়ানমারের সেনাবাহিনী।