
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদ জানিয়ে ঢাকায় মিয়ানমার দূতাবাসে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশের সম্মিলিত বৌদ্ধ সমাজ। তাতে রোহিঙ্গা নির্যাতন বন্ধ এবং বুদ্ধের অহিংস নীতি অনুসরণ করে তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যা সমাধান করার দাবি জানানো হয়।
গতকাল রোববার দুপুর পৌনে ১২টার দিকে সংগঠনটির সম্মিলিত বৌদ্ধ সমাজের ৭ জন প্রতিনিধি বারিধারায় মিয়ানমার দূতাবাসে গিয়ে স্মারকলিপি দিয়ে আসেন। এর আগে গুলশান-২ নম্বর গোল চত্বরের পাশে এক সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটি। তাতে বাংলাদেশের সম্মিলিত বৌদ্ধ সমাজের মুখ্য সমন্বয়ক অশোক বড়ুয়া বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতন চলছে। এই নির্যাতন বন্ধ করতে হবে। তিনি বলেন, দেশ-বিদেশের সবার উচিত বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সাহায্য করা। আর মিয়ানমার সরকারের উচিত যত দ্রুত সম্ভব বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত নিয়ে যাওয়া এবং গৌতম বুদ্ধের অহিংস নীতির বাস্তবায়ন করে চলমান সংকট নিরসন করা।
বাংলাদেশের সম্মিলিত বৌদ্ধ সমাজের পক্ষে স্মারকলিপি দিয়েছেন আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ধর্মমিত্র মহাথেরো, বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সভাপতি অধ্যাপক অসীম রঞ্জন বড়ুয়া প্রমুখ।