
মিয়ানমারের বর্বর সরকার নিজ দেশের মানুষকে হত্যা করেছে, ধর্ষণ করেছে। তারা রোহিঙ্গা মুসলমানদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। বিশ্ববাসী মিয়ানমারকে ঘৃণা করছে। বিশ্বের চাপের মুখে তারা অবশ্যই নতিস্বীকার করে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাধ্য হবে।
আজ সোমবার সিরাজগঞ্জের শিয়ালকোলে নির্মাণাধীন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনকালে রোহিঙ্গা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি আরও বলেন, রোহিঙ্গা নাগরিকদের ওপর নির্যাতন ইতিহাসকে হার মানিয়েছে। এ বিষয়ে তাদের অন্যায় ক্ষমা করা উচিত হবে না।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক দৃষ্টি দেখিয়ে রোহিঙ্গাদের মায়ের মমতা ও বোনের ভালোবাসা দিয়ে আশ্রয় দিয়েছেন। যত দিন রোহিঙ্গারা তাদের নিজ দেশে ফেরত না যাবে, তত দিন তাদের খাদ্যে, চিকিৎসা, শিক্ষা দেওয়া হবে। বর্তমানে শেখ হাসিনা শুধু সরকারপ্রধান বা শাসক নন, তিনি একজন মানবতার নেত্রী।
মিয়ানমার থেকে বাংলাদেশে সফরে আসা একজন মন্ত্রীকে স্বাগত জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘আপনি দেখুন, আপনাদের দেশের নাগরিকেরা ঘরবাড়ি ছেড়ে এসে কত কষ্ট পাচ্ছে। তাদের ফিরিয়ে নিয়ে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করুন। আমরা কোনো যুদ্ধ চাই না, আমরা শান্তিপূর্ণভাবে এ সংকটের সমাধান চাই।’
সিরাজগঞ্জের উন্নয়নচিত্র তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দ্রুতগতিতে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের কাজ চলছে। আগামী ডিসেম্বরের মধ্যে প্রকল্পের অর্ধেক কাজ শেষ হবে। জাতীয় নির্বাচনের আগেই এই কলেজের ভবনে শিক্ষার্থীরা ক্লাস করতে পারবে। একই সঙ্গে ১৭৬ কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জে চার লেনের প্রকল্পের কাজও দ্রুত শুরু করা হবে।
মোহাম্মদ নাসিম আরও বলেন, সিরাজগঞ্জের মানুষকে আর নদীভাঙনের শিকার হতে হবে না। নদীভাঙন থেকে রক্ষার জন্য ৫০০ কোটি টাকা ব্যয়ে বড় একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে সিরাজগঞ্জবাসী স্থায়ীভাবে নদীভাঙন থেকে রক্ষা পাবে।