মিয়ানমার সীমান্ত রক্ষার দায়িত্বে আবার লুণ্ঠিন!
কক্সবাজার ও বান্দরবানের বিপরীতে প্রায় ২২০ কিলোমিটারের মিয়ানমার সীমান্ত রক্ষার দায়িত্ব আবার সে দেশের ডাঙ্গা পুলিশ ‘লুণ্ঠিন’ বাহিনীর হাতে দেওয়া হয়েছে। এক যুগ ধরে সীমান্ত রক্ষার এই দায়িত্ব পালন করে পুলিশ, কাস্টম, সেনা, গোয়েন্দার নেতৃত্বে গঠিত নাসাকা বাহিনী।১২ জুলাই মিয়ানমার সরকার নাসাকা বাহিনীকে বিলুপ্ত ঘোষণা করে। টেকনাফ স্থলবন্দরে রপ্তানি পণ্য নিয়ে আসা মিয়ানমারের মংডু শহরের ব্যবসায়ী মোহামঞ্চদ আয়ুব বলেন, রোহিঙ্গা নির্যাতন, চোরাচালান বৃদ্ধি, মানুষের ধনসম্পদ লুটসহ নানা অপকর্মে জড়িত থাকায় সে দেশের সামরিক জান্তা আরাকান রাজ্য থেকে নাসাকা বাহিনীকে বিলুপ্ত ঘোষণা করে। বর্তমানে সীমান্ত রক্ষার জন্য ভিন্ন পোশাকের লুণ্ঠিন সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে। আগের নাসাকা বাহিনীর সদস্যদেরও লুণ্ঠিনে অন্তর্ভুক্ত করা হচ্ছে।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, সর্বশেষ বিজিবির সঙ্গে মিয়ানমারের নাসাকা বাহিনীর পতাকা বৈঠক অনুণ্ঠিত হয়েছে ১১ জুলাই। ওই বৈঠকে নাসাকা কারামুক্ত ৭৫ বাংলাদেশিকে ফেরত দেয়। পরের দিন রাতে নাফ নদীতে অভিযান চালিয়ে নাসাকা সদস্যরা ছয়টি নৌকাসহ ২৪ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যান এবং মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করেন। কিন্তু ওই দিন সরকারিভাবে নাসাকাকে বিলুপ্ত ঘোষণা করলে সদস্যরা বিপাকে পড়েন এবং মুক্তিপণ ছাড়াই ২৪ জেলেকে ছেড়ে দেন। টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান এর সত্যতা নিশ্চিত করে বলেন, আরাকানে নাসাকার পরিবর্তে আর্ম পুলিশ ব্যাটালিয়নকে সীমান্ত রক্ষার দায়িত্ব দেওয়া হলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুরো সীমান্তে নাসাকার পোশাকে কাউকে দেখা যাচ্ছে না। লুণ্ঠিন নিয়োগের ব্যাপারে মিয়ানমার কর্তৃপক্ষ বিজিবি কিংবা বাংলাদেশকে এখনো কিছু জানায়নি। দুই দেশের সীমান্ত সমস্যা নিয়ে জটিলতা দেখা দিলে সীমান্তরক্ষীরা পতাকা বৈঠকের মাধ্যমে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন। টেকনাফ স্থলবন্দরের অভিবাসন (ইমিগ্রেশন) কেন্দ্রের কর্মকর্তা এসআই তৌহিদুল আনোয়ার বলেন, ১৪ জুলাই থেকে মিয়ানমার সীমান্তে নাসাকার পোশাক পরিবর্তন করে ডাঙ্গা পুলিশের ( লুণ্ঠিন) পোশাকে সদস্যরা সীমান্তে টহল দিচ্ছেন। এতে মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত বাণিজ্যের কোনো সমস্যা হচ্ছে না। প্রতিদিন পাঁচ-ছয়জন বাংলাদেশি ব্যবসায়ী নাফ নদী অতিক্রম করে মিয়ানমারে আর মিয়ানমারের ২৫-৩০ জন বাংলাদেশ আসছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৯১ সালে আরাকান রাজ্যে অত্যাচার-নির্যাতন চালিয়ে কয়েক লাখ মুসলিম রোহিঙ্গাকে বাংলাদেশ অনুপ্রবেশে বাধ্য করে সে দেশের লুণ্ঠিন বাহিনী। তখন বিতর্ক সৃষ্টি হলে লুণ্ঠিনকে সরিয়ে নাসাকা বাহিনী গঠন করা হয়। এত দিন নাসাকা কক্সবাজার ও বান্দরবান সীমান্ত নিরাপত্তার দায়িত্ব পালন করে। গত বছরের জুন মাসে আরাকানে জাতিগত দাঙ্গা শুরু হলে নাসাকা বেপরোয়াভাবে রোহিঙ্গাদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও অত্যাচার-নির্যাতন শুরু করে। প্রায় একযুগ পর নাসাকাকে বিলুপ্ত করে পুনরায় লুণ্ঠিনকে দায়িত্বে আনা হয়।