কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্তের ওপারে মিয়ানমারের আরাকান রাজ্যে আটটি কারখানায় তৈরি হচ্ছে ইয়াবা বড়ি। সেখানে তৈরি বড়ির বেশির ভাগই টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করা হচ্ছে। এরপর সেগুলো ছড়িয়ে পড়ছে কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকাসহ সারা দেশে। সম্প্র্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো পুলিশের এক তদন্ত প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশ সীমান্তবর্তী আরাকান রাজ্যের মইং, সানাইটিস, টেংইং, সেন, কাইয়াং, কেউও, কাশিন ও আইক্কা নামক স্থানে ইয়াবা তৈরির আটটি কারখানা স্থাপন করা হয়েছে। এসব কারখানায় বিপুল পরিমাণ ইয়াবা তৈরি করা হচ্ছে। এসব ইয়াবার ৯০ শতাংশ নাফ নদ ও সাগরপথে টেকনাফে পাচার করা হচ্ছে। পরে সেখান থেকে নানা কৌশলে কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকাসহ সারা দেশে পাচার করা হচ্ছে ইয়াবা বড়ি।প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, টেকনাফসহ দেশের বিভিন্ন স্থানের ২৫ জন ব্যক্তি ইয়াবা পাচারের সঙ্গে জড়িত। এর মধ্যে টেকনাফের শাহপরীর দ্বীপের ডেইলপাড়ার আবদুল আমিন ও উত্তরপাড়ার সৈয়দ অন্যতম।মিয়ানমারে আটটি ইয়াবা তৈরির কারখানা স্থাপনের ব্যাপারে কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) সেলিম মো. জাহাঙ্গীর বলেন, ‘গোপন সূত্রের ভিত্তিতে আমরা এসব কারখানার তথ্য পেয়েছি। ইয়াবা কোন পথ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং এর সঙ্গে কারা জড়িত, তার সবটাই তুলে ধরে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠিয়েছি। কূটনৈতিক তৎপরতার মাধ্যমে মিয়ানমারের সঙ্গে আলোচনা করে এসব ইয়াবা কারখানা বন্ধ করাসহ নানা সুপারিশ তুলে ধরা হয়েছে।’পুলিশ সুপার জানান, আজ ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের সফরে মিয়ানমার যাচ্ছেন। সেখানে ইয়াবা নিয়ে আলোচনা হতে পারে।সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিদিন কমপক্ষে ১০ থেকে ১৫ কোটি টাকার ইয়াবা বড়ি টেকনাফ সীমান্ত দিয়ে দেশের বিভিন্ন স্থানে পাচার হয়। পেঁপে, তরমুজ, সিগারেটের প্যাকেট, মুরগি ও মাছের পেটে ভরে নানা কৌশলে ইয়াবা পাচার হচ্ছে। মাঝেমধ্যে ইয়াবাসহ কিছু লোক ধরা পড়লেও বেশির ভাগ ক্ষেত্রে পাচারকারীরা ধরাছোঁয়ার বাইরে থাকছে।সর্বশেষ ১ ডিসেম্বর পুলিশ কক্সবাজার শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮০০টি ইয়াবা বড়িসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। ২৯ নভেম্বর পুলিশ ও বিজিবির সদস্যরা টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেন।এসপি মো. জাহাঙ্গীর বলেন, ইয়াবা পাচার বন্ধে পুলিশ সাঁড়াশি অভিযান চালাচ্ছে। গত দুই মাসে পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫৩ লাখ টাকা মূল্যের ১৩ হাজার ১৫৬টি ইয়াবা বড়ি জব্দ করেছে।