মিয়ানমার সীমান্তে ইয়াবার নিয়ন্ত্রণহীন চোরাচালান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের সীমান্তপথে বাংলাদেশে ইয়াবা বড়ির নিয়ন্ত্রণহীন চোরাচালানের খবরে গতকাল শনিবার এ সীমান্তের কয়েকটি স্থান পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। গত শুক্রবার তিন দিনের সফরে তিনি কক্সবাজার আসেন।
গতকাল সকালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী উখিয়া থেকে টেকনাফের শাহপরীর দ্বীপ ও বিকেলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির মিয়ানমার সীমান্ত পরিদর্শন করেন। আজ রোববার সকালে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর যোগদানের কথা রয়েছে।
সাম্প্রতিককালে মিয়ানমারের সীমান্তপথে ইয়াবার চোরাচালান ব্যাপক বেড়ে গেছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সূত্র জানায়, সর্বশেষ গত বৃহস্পতিবার বিজিবি সীমান্তের নাইক্ষ্যংছড়ি চাকঢালা এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার ৯৫৪টি ইয়াবা বড়িসহ দুই পাচারকারীকে আটক করে। আটক করা ব্যক্তিরা হলেন টেকনাফের ইসমাইল হোসেন (৩৬) ও নাইক্ষ্যংছড়ির আনোয়ার হোসেন (১৫)। নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, একই দিন কোস্টগার্ড কুতুবদিয়া চ্যানেলে অভিযান চালিয়ে ৩১ হাজার ইয়াবা বড়ি জব্দ করে। টেকনাফ থেকে ট্রলারে এই চালান চট্টগ্রামের আনোয়ারায় পাচার করা হচ্ছিল। বিজিবির কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল খন্দকার ফরিদ হাসান বলেন, মিয়ানমারের ৩৭টি কারখানায় উৎপাদিত বিভিন্ন ধরনের ইয়াবার চালান টেকনাফ, উখিয়া ও নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে দেশে ঢুকছে। ফরিদ হাসান বলেন, গত সাড়ে তিন মাসে বিজিবির সদস্যরা প্রায় ১৫ কোটি টাকা মূল্যের চার লাখ ৩৯ হাজার ২৪টি ইয়াবা বড়ি জব্দ করেছেন।
মিয়ানমার সীমান্ত পরিদর্শন নিয়ে জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, যেকোনো মূল্যে ইয়াবাসহ সব ধরনের মাদকের চোরাচালান বন্ধে কঠোর হচ্ছে সরকার। ইয়াবা পাচারকারীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো গাফিলতি সহ্য করা হবে না।