মিয়ানমার সীমান্তে গুলিবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির মিয়ানমার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেেশর (বিজিবি) সদস্যরা পতাকা উড়িয়ে মিয়ানমারের সীমান্তরক্ষীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন৷ ছবিটি গতকাল দুপুরে নাইক্ষ্যংছড়ির পাইনছড়ি থেকে তোলা l প্রথম আলো
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির মিয়ানমার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেেশর (বিজিবি) সদস্যরা পতাকা উড়িয়ে মিয়ানমারের সীমান্তরক্ষীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন৷ ছবিটি গতকাল দুপুরে নাইক্ষ্যংছড়ির পাইনছড়ি থেকে তোলা l প্রথম আলো

মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে গতকাল শুক্রবারও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ওপর নির্বিচারে গুলিবর্ষণ করেছে৷ জবাবে বিজিবিও পাল্টা গুিল ছুড়েছে৷ এদিকে গত বুধবার গুলিবিদ্ধ বিজিবি-সদস্যকে ফেরত দেয়নি মিয়ানমার৷ সংশ্লিষ্ট সূত্র জানায়, বিজিবির এই সদস্য নিহত হয়েছেন৷
বিজিবি সূত্র জানায়, গতকাল বেলা আড়াইটা থেকে দুই পক্ষের মধ্যে প্রায় আড়াই ঘণ্টা গুলিবিনিময় হয়েছে৷ প্রতিবেশী দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আপাতত গুলিবর্ষণ বন্ধ থাকলেও উত্তেজনা বিরাজ করছে নাইক্ষ্যংছড়ি সীমান্তে৷ সীমান্তে বসবাসকারী লোকজন জানান, গতকাল দুপুরে গুলিবর্ষণের পর সীমান্তে টহল বাড়িয়েছে বিজিবি৷ স্থানীয় মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন।
তবে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ গতকাল প্রথম আলোকে বলেন, বিকেলে গোলাগুলি থেমে গেছে৷ এখন সর্বোচ্চ সহনশীলতা দেখিয়ে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করা হচ্ছে৷
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা গতকাল সন্ধ্যায় জানিয়েছেন, সীমান্তে গুলিবর্ষণের প্রতিবাদের পাশাপাশি বিজিবির নিখোঁজ সদস্যকে ফেরত দিতে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দাবি জানানো হয়েছে৷ এ-সংক্রান্ত সরকারের একটি চিঠি মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত অনুপ কুমার চাকমা গতকাল সেখানকার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন৷
স্থানীয় সূত্র জানায়, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এই উত্তেজনার সূত্রপাত হয় দুদিন আগে। বুধবার সকালে মিয়ানমার সীমান্তবর্তী রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বিজিবির সদস্যরা টহল দেওয়ার সময় সীমান্তের ওপার থেকে বিনা উসকানিতে গুলিবর্ষণ শুরু করে মিয়ানমারের সীমান্তরক্ষীরা৷ ওই গোলাগুলির পর থেকে বিজিবির নায়েক মিজানুর রহমান নিখোঁজ রয়েছেন৷ এ ঘটনায় গত বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়৷
যেভাবে ঘটনার শুরু: বিজিবির চট্টগ্রাম অঞ্চল ও কক্সবাজার সেক্টর সদর দপ্তরের কর্মকর্তারা জানান, গতকাল বেলা ১১টার দিকে মিয়ানমারের বিজিপি নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউনিয়নের পাইনছড়ির ৫২ থেকে ৫৪ নম্বর পিলারের মাঝামাঝি স্থানে বিজিবির কাছে একটি মরদেহ নিয়ে আসার কথা ছিল। ওই মরদেহ বিজিবির নিখোঁজ নায়েক মিজানুর রহমানের বলে শনাক্ত হলে বিজিবি কর্তৃপক্ষ গ্রহণ করবে। এ জন্য বিজিবির সদস্যরা কফিন নিয়ে ওই এলাকায় অবস্থান করছিলেন। কিন্তু বিজিপি কোনো মরদেহ না এনে যোগাযোগ বন্ধ করে দেয়৷ এরপর হঠাৎ বেলা আড়াইটার দিকে বিজিবি সদস্যদের ওপর গুলি ছুড়তে শুরু করে তারা৷
বিজিবি সূত্র জানায়, বুধবার সকালে বিজিবির সদস্যরা বাংলাদেশ সীমান্তের (নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্তে) ৫২ নম্বর পিলারের কাছে পাইনছড়ি এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় মিয়ানমারের ১ নম্বর সেক্টরের ভেন্ডুলা বিজিপি (বর্ডার গার্ড পুলিশ) ফাঁড়ির সীমান্তরক্ষীরা গুলিবর্ষণ করে। এতে বিজিবি-সদস্য নায়েক সুবেদার মিজানুর রহমান গুলিবিদ্ধ হলে তাঁকে মিয়ানমারে নিয়ে যাওয়া হয়।
সীমান্তের একাধিক সূত্র জানায়, বুধবার দুপুরে মিয়ানমারে মিজানুর রহমানের মৃত্যু হলে লাশটি সেখানকার সীমান্তের ১ নম্বর সেক্টরে নেওয়া হয়। এরপর বিজিপি সেখানে প্রচার করে যে গুলিতে আরএসও (রোহিঙ্গা সলিডারেটি অর্গানাইজেশন) বিচ্ছিন্নতাবাদী গ্রুপের এক সদস্য মারা গেছেন। মিয়ানমারের গণমাধ্যমও সে খবর ফলাও করে প্রচার করে৷
কিন্তু বিজিবি মিজানুর রহমানকে ফেরত দেওয়ার দাবি জানালে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। তখন বিজিপি লাশ ফেরত দিতে গড়িমসি করে। মিজানুর রহমান কুমিল্লার দেবীদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের ভেলানগর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে প্রথম আলোকে বলেন, ‘মিজানুর রহমানের মৃত্যু হয়েছে বলে আমরাও নানা মাধ্যমে খবর পাচ্ছি। কিন্তু মিয়ানমারের পক্ষ থেকে এ ব্যাপারে নিশ্চিত করা হচ্ছে না।’ তিনি জানান, গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিজিবির সঙ্গে মিয়ানমার সীমান্তরক্ষীদের একাধিকবার গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
বিজিবি সূত্র জানায়, মিয়ানমারের বিজিপি ভারী মেশিনগানসহ ভারী অস্ত্র মজুত করেছে। তারা রীতিমতো যুদ্ধ প্রস্তুতি নিয়েছে। দোছড়ির ও পাইনছড়ি সীমান্ত ছাড়া আশারতলি, বাইশফাঁড়ি ও ঘুনধুম এলাকায় জনবল বাড়িয়েছে৷ পরিস্থিতি পর্যবেক্ষণ করতে কক্সবাজার বিজিবি সেক্টরের কমান্ডার কর্নেল খন্দকার ফরিদ হাসান, নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শফিকুর রহমান, কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সীমান্তে অবস্থান করছেন৷
বিজিবি সূত্র জানায়, ৩ জুন মিয়ানমারের মংডু শহরে দুই দেশের সীমান্তরক্ষীদের পতাকা বৈঠকের নির্ধারিত দিন ধার্য করা আছে। কিন্তু উত্তেজনাকর পরিস্থিতিতে এ বৈঠক হয় কি না, সন্দেহ রয়েছে।
প্রায় দুই মাস ধরে নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমার সীমান্তরক্ষীরা গুলিবর্ষণ করে উত্তেজনা তৈরি করে আসছে। ২১ মে সীমান্ত পরিস্থিতি নিয়ে বিজিবি ও বিজিপির কর্মকর্তাদের মধ্যে পতাকা বৈঠক হয়। ওই বৈঠকে বিজিবির পক্ষ থেকে গুলিবর্ষণের কারণ জানতে চাওয়া হয়। কিন্তু বিজিপি গুলিবর্ষণের অভিযোগ অস্বীকার করে আসছে৷