মিয়ানমারের রাখাইন রাজ্যে উত্তেজনার কারণে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ। মিয়ানমার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সব ইউনিটকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে ২৩-২৪ নভেম্বর মিয়ানমারে অনুষ্ঠেয় দুই দেশের পররাষ্ট্রসচিবদের বৈঠক অনিশ্চিত হয়ে উঠেছে বলে কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে।
গতকাল মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কক্সবাজার সীমান্তের ওপারে রাখাইন রাজ্যের উত্তেজনাকর পরিস্থিতি বাংলাদেশকে উদ্বিগ্ন করে তুলেছে। প্রতিবেশী দেশটিতে গত বছরের নভেম্বরের গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদলে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছিল। বিশেষ করে দুই দেশের সম্পর্কে আস্থা তৈরির পথে নতুন করে বাধা হয়ে দাঁড়াল রাখাইন রাজ্যের চলমান উত্তেজনা।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতিতে ২৩-২৪ নভেম্বর মিয়ানমারে অনুষ্ঠেয় দুই দেশের পররাষ্ট্রসচিবদের বৈঠকটি অনিশ্চিত হয়ে পড়েছে। বৈঠক হলেও তাতে বিশেষ কোনো অগ্রগতির সম্ভাবনা নেই বললেই চলে। এই বৈঠক সামনে রেখে নিরাপত্তা সহযোগিতা বাড়াতে দুই পক্ষ একাধিক চুক্তি ও সমঝোতা স্মারক চূড়ান্ত করেছিল।
মিয়ানমার সরকার গত মাসে রাখাইন রাজ্যে শুদ্ধি অভিযান শুরু করে। গত কয়েক দিনে উল্লেখযোগ্যসংখ্যক রোহিঙ্গা মুসলমান নিহত হওয়ার পর সেখানে উত্তেজনা আরও বেড়েছে। মিয়ানমার সরকার আন্তর্জাতিক গণমাধ্যম ও ত্রাণকর্মীদের রাখাইন রাজ্যে যেতে দিচ্ছে না। কূটনীতিকদের চলাফেরাও নিয়ন্ত্রিত করেছে। ফলে মিয়ানমার সরকার সেখানে নিহত লোকের যে সংখ্যা প্রকাশ করেছে, তা সঠিক নয় বলে দাবি করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
মিয়ানমারের সরকারি তথ্য অনুযায়ী, গত শনি ও রোববার সেনাবাহিনীর হেলিকপ্টার গানশিপের গোলায় অন্তত ২৮ জন প্রাণ হারিয়েছে। অন্যদিকে মিয়ানমারের সেনাবাহিনীকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স গতকাল জানিয়েছে, মিয়ানমারের মুসলিম জঙ্গিগোষ্ঠীর অন্তত ৬৯ জন সদস্যকে সেনাবাহিনী হত্যা করেছে। সংঘর্ষে প্রাণ হারিয়েছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ১৭ জন সদস্য।
নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘রাখাইন রাজ্যের সাম্প্রতিক উত্তেজনায় প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। সীমান্তের এক পারে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে তার জের অন্য পারে পড়ার আশঙ্কা তৈরি করে।’
জানতে চাইলে বিজিবির কক্সবাজার সেক্টরের ভারপ্রাপ্ত কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আনোয়ারুল আযিম গত রাতে প্রথম আলোকে বলেন, রাখাইন রাজ্যে সাম্প্রতিক উত্তেজনার পর থেকে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে বিজিবির সব ইউনিটকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।
ঢাকার কূটনৈতিক সূত্রগুলোর মতে, এমন উত্তেজনাকর পরিস্থিতি অতীতের মতো সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ ও থাইল্যান্ডে প্রবেশে প্রলুব্ধ করতে পারে। অতীতে রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক হারে সহিংসতা চালানোর পর তারা বাংলাদেশ ও থাইল্যান্ডে ঢুকেছিল।
প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের ২০৮ কিলোমিটার স্থল ও ৬৩ কিলোমিটার জল সীমানা রয়েছে।