সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে স্থাপিত ইয়াবা বড়ি তৈরির কারখানা বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ। গতকাল শনিবার কক্সবাজারের একটি হোটেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী নাসাকার সেক্টর কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে বিজিবির পক্ষ থেকে এ দাবি করা হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, পতাকা বৈঠকের শুরুতে বাংলাদেশের প্রতিনিধিদলের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ সীমান্তের অদূরে মিয়ানমারের অভ্যন্তরে ইয়াবা তৈরির তিনটি কারখানা রয়েছে। এসব কারখানায় তৈরি ইয়াবা বড়ি বাংলাদেশে পাচার করা হয়। এতে যুবসমাজ ধ্বংস হচ্ছে। বৈঠকে বিজিবির পক্ষ থেকে এসব কারখানা বন্ধ করে ইয়াবাসহ মাদক পাচার প্রতিরোধের জোর দাবি করা হয়। সূত্র জানায়, আড়াই ঘণ্টার বৈঠকে ইয়াবা বড়ি তৈরির কারখানা বন্ধের বিষয়টি ছাড়াও সীমান্তে সেনাসমাবেশ, রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ, সীমান্তবাণিজ্য প্রসারসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।সূত্র জানায়, বৈঠকে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিজিবির চট্টগ্রাম সেক্টরের কমান্ডার কর্নেল মো. বশিরুল ইসলাম। অন্যদিকে ১৭ সদস্যের মিয়ানমার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির বর্ডার ইমিগ্রেশন হেডকোয়ার্টারের (বিআইএইচকিউ) পরিচালক কর্নেল ইউ অং জে।বৈঠকে বিজিবি গত পাঁচ মাসে জব্দ করা ইয়াবাসহ মাদকদ্রব্যের পরিসংখ্যান ও মিয়ানমার সীমান্তে ইয়াবার কারখানার তালিকা নাসাকার কাছে হস্তান্তর করে।বৈঠকে মিয়ানমারের প্রতিনিধিদলের পক্ষ থেকে বলা হয়, মিয়ানমারের অভ্যন্তরে ইয়াবা তৈরির কারখানা আছে কি না, অনুসন্ধান করে দ্রুত জানানো হবে। আর মাদক চোরাচালান বন্ধে নাসাকা দ্রুত পদক্ষেপ নেবে।বৈঠকে নাসাকার কর্মকর্তারা অভিযোগ করেন, বাংলাদেশের কিছু ব্যক্তি সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে নিচ্ছে। বনের গাছ ও গবাদিপশু চুরি করে নিয়ে আসছে। নাসাকার কর্মকর্তারা এসব বন্ধে বিজিবির সহযোগিতা কামনা করেন।বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে কর্নেল বশিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘বৈঠক ফলপ্রসূ হয়েছে; বিশেষ করে মিয়ানমারের অভ্যন্তরের ইয়াবা কারখানা উচ্ছেদ, ইয়াবাসহ মাদকদ্রব্য পাচার বন্ধ, রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশ বন্ধ, প্রাকৃতিক দুর্যোগের কারণে কিংবা অজ্ঞতাবশত সীমান্তে অনুপ্রবেশকারী নাগরিকদের হস্তান্তর, বন্দিবিনিময়, সীমান্তবাণিজ্য সমপ্রসারণ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্তে সেনাসমাবেশ ঘটানো নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠক শেষে কক্সবাজারের ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান জানান, মার্চে বিজিবির সদস্যরা প্রায় চার কোটি টাকার ইয়াবাসহ মাদকদ্রব্য জব্দ করেছেন। শুধু এই ব্যাটালিয়নের সদস্যরা গত এক বছরে প্রায় ২০ কোটি টাকার ইয়াবা, হেরোইন, কোকেন, বিদেশি মদসহ কয়েকজন পাচারকারীকে গ্রেপ্তার করেছেন। কিন্তু তার পরও মাদক পাচার বন্ধ করা যাচ্ছে না। তাই এ বৈঠকে ইয়াবা কারখানাগুলো বন্ধ করার বিষয়টি জোরালোভাবে তুলে ধরা হয়।বিজিবি সূত্র জানায়, গতকাল সকাল আটটার দিকে মিয়ানমারের প্রতিনিধিদল নাফ নদী অতিক্রম করে টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এরপর প্রতিনিধিদলকে কক্সবাজার শহরে নিয়ে আসা হয়। বিকেল পাঁচটায় প্রতিনিধিদল নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত দিয়ে মিয়ানমারে ফিরে যায়।সূত্র জানায়, দেশে ফেরার আগে মিয়ানমারের প্রতিনিধিদলের সদস্যরা শহরের বৌদ্ধমন্দির ও বার্মিজ মার্কেট পরিদর্শন এবং শহরের শপিংমল থেকে কেনাকাটা করেন।