মিয়ানমার হয়ে চীন পর্যন্ত সড়ক ও রেল যোগাযোগ চালু হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সড়ক ও রেল যোগাযোগ চালু করা হবে। এ জন্য প্রয়োজনীয় সব কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। চলতি বছরের মার্চ মাসে চীন সফরকালে এ ব্যাপারে ওই দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে। চীন সরকার এ ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে।জাতীয় সংসদে গতকাল বুধবার কক্সবাজার থেকে নির্বাচিত সাংসদ লুৎফর রহমানের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এর আগে বিকেল সোয়া চারটায় ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ-চীন সড়ক ও রেল যোগাযোগ স্থাপনের জনপ্রিয় প্রকল্পটি বাস্তবায়নের জন্য এরই মধ্যে চীনা নেতাদের সঙ্গে একটি ত্রিদেশীয় কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবে বাংলাদেশ, চীন ও মিয়ানমারের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার কথা বলা হয়েছে। তিনি জানান, চীনের সঙ্গে যোগাযোগব্যবস্থা চালু করতে রামু থেকে ঘুনদুম পর্যন্ত দুই কিলোমিটার এবং মিয়ানমারের অভ্যন্তরে টংব্রু-বলীবাজার পর্যন্ত ২৩ কিলোমিটার সড়ক নির্মিত হবে। এরই মধ্যে বাংলাদেশ সরকারের অর্থায়নে বাংলাদেশ-মিয়ানমার সরাসরি সংযোগ সড়ক নির্মাণের জন্য একটি সমীক্ষা প্রকল্প চলছে।শিশু উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার: জাতীয় পার্টির বেগম নুর-ই-হাসনা লিলি চৌধুরীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার শিশু উন্নয়নের বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে গ্রহণ করেছে। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় শিশুদের জন্য বিনিয়োগ হচ্ছে সর্বোত্তম বিনিয়োগ। এ বিষয়টি বিবেচনায় রেখেই শিশুদের কল্যাণে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি বলেন, বাংলাদেশ শিশু একাডেমী শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ এবং মেধা ও মননের উৎকর্ষ সাধনে কাজ করে যাচ্ছে। শিশু একাডেমী ৬৪টি জেলা শাখা ও ছয়টি উপজেলা শাখার মাধ্যমে সারা দেশের শিশুদের জন্য কার্যক্রম পরিচালনা করছে।শেখ হাসিনা আরও বলেন, শিশুদের কল্যাণে বাংলাদেশ শিশু একাডেমী কর্তৃক পরিচালিত শিশুর বিকাশের প্রারম্ভিক শিক্ষা (ইএলসিডি) প্রকল্প নামের একটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। সারা দেশে আট হাজার ৫৮টি কেন্দ্রের মাধ্যমে এ প্রকল্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিটি কেন্দ্রে ৩০ জন করে শিশু রয়েছে।ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, প্রবাসে কর্মরত বাংলাদেশি জনগণের মানবিক অধিকার ও কল্যাণমূলক কার্যক্রম নিশ্চিত করার জন্য সরকার কাজ করে যাচ্ছে। তিনি জানান, ২০০৯-১০ অর্থবছরে বিদেশের ৩২টি মিশনের জন্য মোট ১১ কোটি ৯৩ লাখ টাকা ব্যয় করা হয়েছে।